ঈদে বাড়ি ফেরা হলোনা মা ফরিদা বেগম (৩০) ও মেয়ে ফারিয়ার (৬)। বুধবার সকালে নিজ বাড়ি গাজীপুরের কাপাসিয়ার নলিপলাশ গ্রামে ফেরার কথা ছিল তাদের। কিন্তু মঙ্গলবার সন্ধ্যায় কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের ঘোনাপাড়া নামক স্থানে এক সড়ক দুর্ঘটনায় মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়। এ ঘটনায় গাড়ির চালককে আটক করেন স্থানীয় জনতা। নিহতের স্বামী বাদী হয়ে থানায় মামলা করেন। নিহত ফরিদা বেগম কালীগঞ্জ পৌর এলাকার বালীগাঁও গ্রামে জাকির মাস্টারের বাড়িতে ভাড়া থাকতেন। তার স্বামী তোফাজ্জল হোসেন একটি প্রাইভেট কোম্পানিতে ট্রাক চালকের কাজ করতেন। কন্যা ফাহিয়া উপজেলার শিশুমেলা আইডিয়াল স্কুলে নার্সারিতে অধ্যয়নরত ছিল। কালীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) মো. নাজমুল হক স্থানীয়দের বরাত দিয়ে জানান, মঙ্গলবার সন্ধ্যায় মা-মেয়ে ঈদের শপিং করে তাদের ভাড়া বাসায় ফিরছিলেন। কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের ঘোনাপাড়া নামক স্থান দিয়ে রাস্তা পারাপারের সময় টঙ্গীগামী আশরাফী টান্সপোর্টের (ঢাকা মেট্রো ড-১১-৪২৮৯) দ্রুতগামী একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হয়। তিনি আরো জানা, এ ঘটনায় বুধবার দুপুরে নিহতের স্বামী তোফাজ্জল হোসেনে বাদী হয়ে কাভার্ডভ্যানের চালক কুমিল্লার লাকশাম উপজেলার দেবপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. লিটনের নামে কালীগঞ্জ থানায় একটি মামলা (নং ৪) দায়ের করেন । আব্দুর রহমান আরমান/এমএএস/এমএস