লাইফস্টাইল

ইফতারের বিশেষ আয়োজনে রাখুন মোরগ মোসাল্লাম

   

পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতার বাজারে প্রতিদিনই দেখা মেলে শতাধিক পদের। কাবাব, বিরিয়ানি, হালিম কিংবা বিভিন্ন ভাজাপোড়া ইফতারের আয়োজন হয়ে ওঠে জমজমাট। এসব জনপ্রিয় খাবারের মাঝেও কিছু বিশেষ পদ রয়েছে, যেগুলো ইফতারের স্বাদে আলাদা মাত্রা যোগ করে।

তেমনই একটি রাজকীয় ও জনপ্রিয় খাবার হলো মোরগ মোসাল্লাম। সাধারণত রেস্টুরেন্ট বা ইফতার বাজারে এই খাবার বেশি দেখা গেলেও চাইলে খুব সহজ উপায়ে ঘরেই তৈরি করা যায় মজাদার মোরগ মোসাল্লাম। সঠিক উপকরণ আর কিছু সহজ ধাপ অনুসরণকরে আপনি বানিয়ে নিতে পারেন।

আসুন জেনে নেওয়া যাক কীভাবে মোরগ মোসাল্লাম তৈরি করবেন-

 উপকরণ১. মুরগি দেড় কেজি ওজনের ১টি২. টক দই আধা কাপ ৩. পেঁয়াজকুচি আধা কাপ৪. আদাবাটা ১ টেবিল চামচ ৫. রসুনবাটা ২ চা চামচ ৬. পেঁয়াজবাটা ২ টেবিল চামচ ৭. পোস্তদানাবাটা ১ টেবিল চামচ ৮. কিশমিশ বাটা ১ টেবিল চামচ৯. জায়ফল বাটা আধা চা চামচ১০. জয়ত্রী বাটা আধা চা চামচ১১. পেস্তাবাদাম বাটা ১ টেবিল চামচ১২. কাঠবাদাম বাটা ১ টেবিল চামচ১৩. কাজুবাদাম বাটা ১ টেবিল চামচ ১৪. শাহি জিরা বাটা ১ চাচামচ১৫. জিরা বাটা ১ চা চামচ১৬. সাদা গোলমরিচের গুঁড়া ১ চা চামচ ১৭. দারুচিনি ৪ টুকরা ১৮. ছোট এলাচি ৪টি ১৯. বড় এলাচি ২টি২০. লবঙ্গ ৭-৮টি ২১. তেজপাতা ২টি২২. টমেটো সস ২ টেবিল চামচ ২৩. গরম পানি ১ কাপ ২৪. ঘন দুধ আধা কাপ২৫. ঘি ৪ টেবিল চামচ ২৬. পেঁয়াজ বেরেস্তা আধা কাপ২৭. গরম মসলার গুঁড়া ১ চা চামচ ২৮. আলুবোখারা ৫টি২৯. চিনি ১ চা চামচ ৩০. লবণ পরিমাণ মতো৩১. তেল আধা কাপ

প্রস্তুত প্রণালিপ্রথমে মুরগির চামড়া ছাড়িয়ে ভালোভাবে পরিষ্কার করে নিন। এরপর একটি কাঁটা চামচ দিয়ে মুরগির গায়ে হালকা করে কেটে নিন, যাতে মসলা ভালোভাবে ভেতরে ঢুকে যায়। তারপর মুরগির গায়ে টক দই ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন। এ সময় মুরগির ডানা ও দুই পা সুতা দিয়ে বেঁধে নিলে রান্নার সময় আকার ঠিক থাকবে।

এরপর একটি কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে সোনালি করে ভেজে নিন। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এতে সব বাটা মসলা, সাদা গোল মরিচের গুঁড়া এবং গরম মসলা দিয়ে কয়েকবার ভালোভাবে কষিয়ে নিন, যাতে মসলার কাঁচা গন্ধ দূর হয়ে যায়।

মসলা কষানো হয়ে গেলে এতে টমেটো সস ও মেরিনেট করা মুরগিটি দিয়ে কিছুক্ষণ নেড়ে মসলার সঙ্গে মিশিয়ে নিন। এরপর প্রয়োজনমতো গরম পানি দিয়ে হাঁড়ি ঢেকে মাঝারি আঁচে রান্না করতে থাকুন, যাতে মুরগি ধীরে ধীরে নরম হয়ে আসে।

পানি কিছুটা কমে এলে এতে দুধ ও ঘি দিয়ে অল্প আঁচে রান্না করুন। এরপর আলুবোখারা দিয়ে দিন। চাইলে স্বাদের ভারসাম্য রাখতে সামান্য চিনি যোগ করা যেতে পারে। ঝোল ঘন হয়ে এলে বেরেস্তা ও গরম মসলার গুঁড়া দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে রান্না করুন।

রান্না শেষ হলে একটি পরিবেশন পাত্রে ঢেলে ওপরে বেরেস্তা ও পেস্তাবাদাম কুচি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।

আরও পড়ুন: ইফতারে পাতে রাখুন তান্দুরি চিকেন কাটলেট  ইফতারে ট্রেন্ডি মোটা চালের খিচুড়ি বাড়িতে বানাবেন যেভাবে 

এসএকেওয়াই