গাজীপুরে একটি বেসরকারি কোম্পানির ডিস্ট্রিবিউশনের কাজে নিয়োজিত এক বিক্রয় কর্মীকে ছুরিকাঘাত করে ১ লাখ ৮১ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার (৮ মার্চ) রাত ৯টার দিকে গাজীপুর মহানগরীর গাছা থানাধীন গাজীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, প্যারাসুট নারিকেল তেল কোম্পানির ডিস্ট্রিবিউশনের কাজে নিয়োজিত বিক্রয় কর্মী, তার সহকর্মী ও প্রাইভেটকার চালক ব্যবসার টাকা নিয়ে যাওয়ার সময় তিনজন ছিনতাইকারী তাদের গতিরোধ করে। এসময় ছিনতাইকারীরা তাদের কাছে থাকা নগদ ১ লাখ ৮১ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ছিনতাইয়ের সময় বাধা দেওয়ায় ছুরিকাঘাতে ডিস্ট্রিবিউটর সেলিম (৩৭) গুরুতর আহত হন।
আহত সেলিমের ফেনীর লক্ষীপুর এলাকা বলে জানা গেছে। এছাড়া আহত হয়েছেন রাজন (৩২) ও এরশাদ (৪২)। তারা গাজীপুরের টঙ্গী পূর্ব থানার বনমালা এলাকার বাসিন্দা।
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে তায়েরুন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন। তবে গুরুতর আহত সেলিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে টঙ্গী পশ্চিম ও গাছা থানা পুলিশ হাসপাতালে গিয়ে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেছেন।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুজ্জামান জানান, ছিনতাইয়ের ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মো. আমিনুল ইসলাম/এনএইচআর/জেআইএম