কুষ্টিয়ার মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি), সাব রেজিস্ট্রার কার্যালয় ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে।
সোমবার (৯ মার্চ) সকালে অফিস খুলতে এসে বিষয়টি কর্মকর্তা-কর্মচারীদের নজরে আসে। এ ঘটনায় কোনো গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি হয়েছে কি না সেটি খতিয়ে দেখছে সংশ্লিষ্ট দপ্তর।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, রাতের কোনো এক সময় তিনটি দপ্তরে চুরির এ ঘটনা ঘটে। এসময় তিনটি দপ্তরের প্রবেশ দরজার তালা ও জানালার গ্রিল ভেঙে এ ঘটনা ঘটনায় চোর চক্র। এসময় আলমিরায় থাকা নথিপত্রের ফাইল এলোমেলো অবস্থায় পাওয়া যায়।
তবে এতে কোনো গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি হয়েছে কিনা সেটি তাৎক্ষণিক জানা যায়নি। সকালে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। একই সঙ্গে তিনটি সরকারি দপ্তরে চুরির ঘটনা নিয়ে নড়ে চড়ে বসেছে পুলিশ। রহস্য উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে।
মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম জানিয়েছেন, ঘটনার পর দপ্তরগুলো পরিদর্শন করা হয়েছে। থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
আল-মামুন সাগর/আরএইচ/এমএস