দেশজুড়ে

যশোরে বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ

টার্গেট কিলিং, সন্ত্রাস ও জঙ্গি হামলা রুখতে যশোরের সব বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের কাছ থেকে তথ্য সংগ্রহে নেমেছ পুলিশ। আগামী ২১ থেকে ২৩ জুলাইয়ের মধ্যে বাড়ির মালিকদের থানায় নির্দিষ্ট ফরমে এ তথ্য দেয়ার জন্য বলা হয়েছে। এ বিষয়ে অবগত করার জন্য বৃহস্পতিবার পুরো শহরে মাইকিং করেছে পুলিশ। পুলিশের এ কাজে সহযোগিতা না করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। থানা সূত্রমতে, শহর ও শহরতলিতে যারা ভাড়া থাকেন, তাদের তথ্য সংগ্রহ করে নজরদারি করা হবে। সন্ত্রাস ও জঙ্গিবাদ রুখতে এ কৌশল গ্রহণ করছে পুলিশ। বিশেষ করে যারা ব্যাচেলর ও বিভিন্ন মেসে থাকেন তাদের তথ্য জানা দরকার বলেও মনে করছে পুলিশ। যশোর কোতোয়ালি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, তিনদিনের অর্থাৎ ২১ থেকে ২৩ জুলাইয়ের মধ্যে সবাইকে তথ্য দিতে হবে। তবে এ সময়ের মধ্যে কেউ দিতে ব্যর্থ হলে ২৮ জুলাই পর্যন্ত ভাড়াটিয়াদের তথ্য গ্রহণ করবে পুলিশ। এরপর যে বাড়িওয়ালা তথ্য দেবে না তার বাড়িতে সন্ত্রাসী থাকলে বা কেউ অপরাধ করলে তাকে ধরে আনা হবে বলে জানান তিনি। মিলন রহমান/এএম