দেশজুড়ে

যশোরে গোলাগুলিতে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

যশোরে কথিত গোলাগুলিতে অজ্ঞাত (৪৫) এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে যশোর শহরতলীর তরফ নওয়াপাড়া এলাকার একটি খেজুরবাগানে এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, দুই দল মাদক ব্যবসায়ীরা মধ্যে গোলাগুলিতে অজ্ঞাত ওই ব্যক্তি নিহত হয়েছেন। তার পরিচয় জানা যায়নি।তবে হাসপাতালে থাকা একাধিক ব্যক্তি জানিয়েছেন, গুলিবিদ্ধ হয়ে নিহত ব্যক্তি যশোর শহরের বারান্দী এলাকার মাদক ব্যবসায়ী তালেব। তার নামে থানায় মাদক-সংক্রান্ত একাধিক মামলাও আছে। কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস হোসেন জানান, বৃহস্পতিবার গভীর রাতে শহরতলীর তরফ নওয়াপাড়া এলাকার একটি খেজুর বাগানে দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলি হচ্ছে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মাদক ব্যবসায়ীদের সরিয়ে দিতে পুলিশ দশ রাউন্ড গুলি ছোড়ে। পরে রাত দেড়টার দিকে পুলিশ খেজুর বাগান তল্লাশি করে অজ্ঞাত ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পায়। তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হয়। এরপর হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি আরো জানান, ঘটনাস্থল থেকে পুলিশ একটি পাইপগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে।যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক ইউসুফ আলী জানান, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বাম চোখ গুলিবিদ্ধ হয়েছে। মিলন রহমান/এসএস/পিআর