দেশজুড়ে

কুমিল্লায় ছাত্রলীগের কমিটি নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া

কুমিল্লার বুড়িচং উপজেলা ছাত্রলীগের কমিটি নিয়ে দুইপক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় পথচারীসহ আহত হয়েছে কমপক্ষে পাঁচজন। শুক্রবার দুপুরে বুড়িচং উপজেলা সদরে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত দুইপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা সদরে পুলিশ মোতায়েন করা হয়েছে। জানা যায়, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি ও সাধারণ সম্পাদক লোকমান হোসেনের স্বাক্ষরে মো. জালাল উদ্দিনকে সভাপতি ও মো. বাছির খানকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি করার জন্য নির্দেশনা দিয়ে গত রোববার বুড়িচং উপজেলা ছাত্রলীগের দুই সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়। এতে তাদের অনুসারীরা কমিটিকে স্বাগত জানিয়ে উপজেলা সদরে আনন্দ মিছিল করে। অপরদিকে, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বিল্লাল হোসেন ও সাবেক যুগ্ম-সম্পাদক শরীফুল ইসলামসহ তাদের অনুসারীরা দুই সদস্যের ওই কমিটিকে পকেট কমিটি ঘোষণা করে তা বাতিলের দাবিতে গত সোমবার থেকে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করে আসছে। এরই মধ্যে গত সোমবার কেন্দ্রীয় ছাত্রলীগের নির্বাহী সংসদের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সদ্য ঘোষিত ওই কমিটিকে বিলুপ্তি ঘোষণা করে। কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যার পর জালাল উদ্দিনের অনুসারী ছাত্রলীগের নেতাকর্মীরা আবারো আনন্দ মিছিল বের করে। আর এরই জের ধরে শুক্রবার দুপুরে উভয়পক্ষ বুড়িচং বাজারে মুখোমুখি অবস্থান নেয়। একপর্যায়ে উভয়পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপসহ ১৫/১৬টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় ইট-পাটকেলের আঘাতে পথচারীসহ কমপক্ষে পাঁচজন আহত হয়। আহতদের নাম জানা যায়নি। এ ঘটনায় বুড়িচং বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ব্যবসায়ীরা দোকান-পাট বন্ধ করে দেয়। বুড়িচং থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম জানান, ছাত্রলীগের দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। কামাল উদ্দিন/এআরএ/এমএস