দেশজুড়ে

চকরিয়ায় দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত আটক

কক্সবাজার জেলার চকরিয়ার খুটাখালী জঙ্গল এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাতকে আটক করেছে পুলিশ। শনিবার ভোররাতে তাদের আটক করা হয়। আটকরা হলেন, উপজেলার খুটাখালী ইউনিয়নের গর্জনতলী এলাকার নুরুল হুদার ছেলে গিয়াস উদ্দিন (৩২), বান্দরবানের নাইক্ষংছড়ির বাইশারীর কাগজিপাড়ায় আবদুর রহমানের ছেলে নুরুল ইসলাম (৪২) ও চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার কাহারিয়া পাড়া গ্রামের মৃত ফোরকানের ছেলে খোকন মিয়া (৪০)। তাদের আটকের ঘন্টাখানেক আগে জঙ্গল এলাকা থেকে তিন লাখ টাকা মুক্তিপণে ছাড়া পান বান্দরবানের লামা উপজেলার ফাসিয়াখালী থেকে অপহৃত আওয়ামীলীগ নেতা নুরুল আবছার মেম্বার। গত ২৮ জুলাই গভীর তিনি অপহৃত হন।অভিযানে অংশ নেয়া চকরিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন জানান, ওই আওয়ামীলীগ নেতাকে ছেড়ে দেয়ার পর আটককৃত তিনজনসহ আরো ৭-৮জন ডাকাত কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্ততি নেয়। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পালিয়ে যাচ্ছিল। পুলিশ তাদের পিছু ধাওয়া করে তিনজনকে ধরতে সক্ষম হয়।  চকরিয়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম খান জানান, মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে চকরিয়ার খুটাখালীর জঙ্গল থেকে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাতকে আটক করা হয়েছে। লামার ফাঁসিয়াখালীর আওয়ামী লীগ নেতা নুরুল আবছার মেম্বার শনিবার দুপুরে চকরিয়া থানায় গিয়ে আটকদের সনাক্ত করেছেন। তারা তিনজন অপহরণের ঘটনায় সঙ্গে সরাসরি জড়িত রয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানান ওসি। গত ২৮ জুলাই গভীর রাতে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের গুলবানু ঝিরি গ্রামের আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য নুরুল আবছার, আজিম, রিদুয়ান ও হাসান আলী মেম্বারের ঘরের দরজা ভেঙে ২০-৩০ জন মুখোশধারী বাড়ির লোকজনদের মারধর করে অস্ত্রের মুখে নগদ দুই লাখ টাকা, ১০টি মোবাইল, ৭ ভরি স্বর্ণ ও বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় আওয়ামী লীগ নেতা আবছার মেম্বার চিৎকার করলে দুর্বৃত্তরা তার হাত-পা বেঁধে তাকেও অপহরণ করে নিয়ে যায়। সায়ীদ আলমগীর/এএম/এমএস