শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ১৯৭৫ সালের পর স্বাধীনতাবিরোধী চক্র দীর্ঘ ২১ বছর দেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র ও নব্য পাকিস্তান বানানোর চেষ্টা করেছিল। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সেই অবস্থার যখন উত্তরণ ঘটছে, ঠিক তখন জঙ্গিবাদী গোষ্ঠী আবার সক্রিয় হয়ে উঠেছে। রোববার বিকেলে নারায়ণগঞ্জ শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় মহানগর শ্রমিক লীগের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিল্পমন্ত্রী।তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নতির দিকে অগ্রসর হচ্ছে, ঠিক তখন একটি চক্র অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করছে। কিন্তু তাদের সেই ষড়যন্ত্র কোনোভাবেই অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না। তিনি আরো বলেন, দেশ স্বাধীনের পরে জাতির জনককে নিয়ে নানা ষড়যন্ত্র হয়েছে। ১৫ আগস্ট জাতির জনককে সপরিবারে হত্যার মধ্য দিয়ে তার প্রমাণ হয়েছে। এখনো সেই ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে স্বাধীনতাবিরোধীরা। কিন্তু এবার সেই ষড়যন্ত্র কোনো কাজে আসবে না। জননেত্রী শেখ হাসিনা বলেছিলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হবে। কিন্তু তার আগেই ২০১৮ সালের মধ্যেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নত হবে। তিনি আরো বলেন, বিএনপি ও জামায়াতকে নিয়ে নয়, শেখ হাসিনার নেতৃত্বে দেশের ১৬ কোটি মানুষকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তোলা হয়েছে। ইতোমধ্যে জাতীয় ঐক্য কল্যাণের অভিষ্ট লক্ষ্যে পৌঁছে গেছে। বাংলাদেশ সবক্ষেত্রে যখন নিজেদের মেলে ধরেছে, ঠিক তখন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে দেশেকে পেছনের দিকে নিয়ে যেতে চাচ্ছে ষড়যন্ত্রকারীরা। তাদের এসব ষড়যন্ত্র মোকাবেলায় জাতীয় ঐক্য গড়ে তোলা হয়েছে। এছাড়া জঙ্গিদের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান শিল্পমন্ত্রী। নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক লীগের সভাপতি কাজিম উদ্দীন প্রধানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাইন উদ্দীন আহম্মেদ বাবুল প্রমুখ। মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান মুন্না ও সাংগঠনিক সম্পাদক শরফুউদ্দীন সুজনের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি চন্দন শীল, সহ-সভাপতি রোকন উদ্দীন আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, অ্যাডভোকেট মাহামুদা আক্তার মালা, জিএম আরাফাত, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল প্রমুখ। মো: শাহাদাত হোসেন/এএম/পিআর