গাজীপুর জেলার কালীগঞ্জে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।নিহত দুই শিশু হচ্ছে, জাঙ্গালীয়ার ইউনিয়নের আজমপুর গ্রামের মো. তাজুল ইসলামের ছেলে আড়াই তামিম (৩) ও শামীম মিয়ার মেয়ে জান্নাত (৪)। শনিবার বিকেলে আজমপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। দুই শিশুর মৃত্যু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলম চাঁদ। কালীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আজিজুর রহমান স্থানীয়দের ভাষ্য দিয়ে জানান, তামিম ও জান্নাত বাড়ির পাশের পুকুর পাড়ে একটি প্লাস্টিকের রিকশা নিয়ে খেলছিল। একপর্যায়ে ওই খেলনাটি পুকুরের পানিতে পড়ে যায়। রিকশা তুলতে গিয়ে তামিম পুকুরে নামে। তাকে উদ্ধার করতে জান্নাতও পুকুরে নামে। এ সময় দুই শিশু পানিতে তলিয়ে যায়। বাড়ির লোকজন তাদেরকে খোঁজাখুঁজি করে না পেয়ে পুকুরে খেলনা পড়ে থাকতে দেখে তাদের খোঁজ করেন। সেখান থেকে তাদেরকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তামিম ও জান্নাতকে মৃত ঘোষণা করেন। এসআই আজিজুর রহমান আরো জানান, এ ব্যাপারে তামিমের বাবা মো. তাজুল ইসলাম বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। আব্দুর রহমান আরমান/এএম/এমএস