সরকারি কোনো কাজে কেউ বাধা দিলে তাকে ছাড় দেয়া হবে না, সে যত বড় ক্যাডার হোক না কেন তাকে দাঁতভাঙা জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেন, ছাড় দেয়া ভুলে গিয়ে জনগণের স্বার্থে উন্নয়ন করতে হবে। উন্নয়নমূলক কর্মকাণ্ডে কেউ বাধা দেয়ার চেষ্টা করলে উচিত জবাব দেয়া হবে। আমি প্রতিশ্রুতি না বরং উন্নয়নে বিশ্বাসী। সোমবার দুপুরে বন্দরের আকিজ সিমেন্ট ফ্যাক্টরি সংলগ্ন গ্যারেজ নির্মাণ কাজে বাধা প্রয়োগের অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। মেয়র আইভী ঠিকাদারি প্রতিষ্ঠান প্রধান এন্টারপ্রাইজের মালিক ইসরাফিল প্রধানকে উদ্দেশ্য করে বলেন, নির্ধারিত সময়ে কাজ শেষ করবেন। কেউ বাধা দেয়ার চেষ্টা করলে আমাকে তাৎক্ষণিকভাবে জানাবেন। সব এলাকায় কিছু টোকাইজাতীয় ক্যাডার থাকে। ওরা বাধা দিতেই পারে। রংবাজরা এখন কোথায়। পুনরায় আসলে আমাকে জানাবেন। এসময় নাসিক প্রকৌশলী হাসান মিয়া, অ্যাড. সাখাওয়াত হোসেন, মোতালেব, হিরু, টিটু, বোরহান উদ্দিন, শ্যামল, আলমগীর, মানিক উপস্থিত ছিলেন। মেয়র আইভী আকিজ সিমেন্ট কোম্পানির ডিজিএম হাসানুজ্জামানের সঙ্গে কথা বলেন। উল্লেখ্য, সিটি কর্পোরেশনের বন্দরের গ্যারেজ নির্মাণের জন্য ৬০ লাখ টাকায় প্রধান এন্টারপ্রাইজ কাজটি পায়। চার মাসের মধ্যে কাজটি শেষ করার নির্দেশ থাকলেও ২০ দিন গত হলেও কাজ শুরু করতে পারেনি। আকিজ কোম্পানিসহ স্থানীয় কিছু লোকের বাধার কারণে বিলম্ব হয়।শাহাদাত হোসেন/এআরএ/এবিএস