নারায়ণগঞ্জের ফতুল্লায় মায়ের পরকীয়ার জেরে ছেলেকে গাছে বেঁধে নির্যাতন করা হয়েছে। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তার ছেলেকে শিকল বাঁধা অবস্থা উদ্ধার করে। আর ঘটনাস্থল থেকে প্রেমিকের দুই ছেলেকে আটক করা হয়েছে। আটকরা হলো- জাহাঙ্গীর হোসেন ওরফে দালাল বাদশার দুই ছেলে শাকিব (২০) ও শাকিল (১৮)।বুধবার বিকেলে ফতুল্লার রেলস্টেশন ব্যাংক কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। তবে বাদশার খোঁজ পাওয়া যায়নি।আটক শাকিব জানায়, তার বাবা জাহাঙ্গীর হোসেন ওরফে দালাল বাদশা (৫০) প্রায় তিন বছর ধরে তাদের এলাকার কামালের বাড়ির ভাড়াটিয়া আয়ুব আলীর স্ত্রী সখিনার (৪৮) সঙ্গে পরকীয়ার সম্পর্ক করে আসছেন। এনিয়ে তাদের পরিবারে অশান্তি দেখা দেয়। দুপুরে তার বাবার মোবাইলে কল করে সখিনা। এরপর খোঁজখবর নিয়ে তার বাড়ি গিয়ে তাকে পরকীয়া করতে নিষেধ করলে তার ছেলে জুয়েল ক্ষিপ্ত হয়ে ওঠে। এরপর তাকে ধরে আমাদের বাড়ি নিয়ে আসে। সখিনার ছেলে জুয়েল জানায়, আমার মা সখিনা ফতুল্লা রেলস্টেশনে কাঁচা তরকারি বিক্রি করেন। এতে শাকিবের বাবার সঙ্গে আমার মায়ের প্রেমের সম্পর্ক হয়। তার বাবা ফোন করে আমার মাকে প্রায়ই উত্ত্যক্ত করত। এ বিষয়ে আমি প্রতিবাদ করলে উল্টো আমাকে হত্যার হুমকি দিতো। বিকেলে শাকিব তার ভাই শাকিলকে নিয়ে আমাদের বাসায় এসে ঘরের আসবাবপত্র ভাঙচুর করে এবং আমাকে ধরে তাদের বাড়ি নিয়ে যায়। এরপর একটি নারিকেল গাছে শিকল দিয়ে বেঁধে আমাকে মারধর করে।ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজনীন জানান, ঘটনাস্থল থেকে শিকল দিয়ে বাঁধা অবস্থায় জুয়েলকে উদ্ধার ও দুজনকে আটক করা হয়। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।শাহাদাত হোসেন/এআরএ/এবিএস