দেশজুড়ে

না.গঞ্জের সেই বাড়ির মালিক ৩ দিনের রিমান্ডে

নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকায় জঙ্গি আস্তানার বিষয়ে তথ্য গোপন করার অভিযোগে বাড়ির মালিক নুরুউদ্দিন দেওয়ানের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।সোমবার দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এ রিমান্ড মঞ্জুর করেন। নারায়ণগঞ্জ কোর্ট পরিদর্শক সোহেল আলম বাড়ির মালিক নুরুউদ্দিন দেওয়ানের রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন। নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, নারায়ণগঞ্জের পাইকপাড়া এলাকায় জঙ্গি আস্তানার বিষয়ে তথ্য গোপন করার অভিযোগে বাড়ির মালিক নুরুউদ্দিন দেওয়ানকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে গোলাগুলির ঘটনায় গুলশান হামলার মাস্টার মাইন্ড তামিম চৌধুরীসহ তিন জঙ্গির মৃত্যুর ঘটনায় মামলা করা হয়েছে। আর বাড়ির মালিক নুরুউদ্দিনকে ৫৪ ধারায় সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়। পরে আদালত তাকে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। প্রসঙ্গত, নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় বড় কবরস্থান এলাকার নুরুউদ্দিনের বাড়ির তৃতীয় তলায় জঙ্গিরা অবস্থান করছেন এমন খবর পেয়ে শনিবার ভোরে ভবনটি ঘিরে ফেলে যৌথবাহিনীর একটি টিম। পাইকপাড়ার এ বাড়ির তৃতীয় তলায় ছিল জঙ্গিদের আস্তানা। শুক্রবার রাত আড়াইটা থেকে ওই বাড়ির আশপাশের বাড়ি থেকে লোকজনকে সরিয়ে দেয়া হয়। এসময় বাড়িটি ঘেরাও করে ফেলে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে তারা নিশ্চিত হয় বাড়িতে জঙ্গি আস্তানা গড়ে উঠেছে। অভিযানের আগে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাইকিং করে জঙ্গি সদস্যদের আত্মসমর্পণ করার জন্য বারবার বলার পরও তারা কোনো কর্ণপাত না করে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে বেশ কয়েকটি গ্রেনেড নিক্ষেপ করে। অপারেশন শুরুর পর বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায়। এতে কেউ হতাহতের কোনো ঘটনা ঘটেনি। পরে সকাল সাড়ে ৯টার দিকে জঙ্গি আস্তানায় অভিযান শুরু করে পুলিশ। অভিযানের নাম দেয়া হয় ‘অপারেশন হিট স্টং ২৭’। অভিযান শুরুর পর সেখানে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানের সময় জঙ্গিরা তাদের বাসায় থাকা ল্যাপটপ, মোবাইলসহ বিভিন্ন আলমত পুড়িয়ে নষ্ট করে ফেলে। এমনকি তারা গ্যাস ও বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে দেয়। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের এক ঘণ্টা সফল অভিযানে মাস্টার মাইন্ড তামিম চৌধুরীসহ তিন জঙ্গি নিহত হয়।শাহাদাত হোসেন/এআরএ/আরআইপি