দেশজুড়ে

সোনারগাঁয়ে বোমাসদৃশ বস্তু উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি পরিত্যক্ত বাড়ি থেকে ২২টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।   বৃহস্পতিবার বিকেলে উপজেলার বারদী ইউনিয়নের দৌলরদী পল্লবের কান্দা গ্রামের মনির হোসেন সেলিমের পরিত্যক্ত বাড়ি থেকে কস্কটেপে মোড়ানো অবস্থায় উদ্ধার করা হয়। বাড়ির মালিক মনির হোসেন সেলিম জানান, বারদী ইউনিয়নের দৌলরদী পল্লবের কান্দা গ্রামে তার পরিত্যক্ত বাড়ির একটি ঘরের বারান্দা পরিষ্কার পরিচ্ছন্ন করতে যান তার মা সেতেরা বেগম। বারান্দায় রাখা কাঠ সরালে একটি বাজারের ব্যাগ দেখতে পান। পরে ব্যাগ খুলে দেখেন লাল রঙের কস্কটেপে মোড়ানো ২২টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়। খবর পেয়ে  সোনারগাঁ থানা পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই বোমাসদৃশ বস্তুগুলো উদ্ধার করে। তিনি আরো জানান, বাড়ির পার্শ্ববর্তী লোকজনের সঙ্গে তাদের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। তার পরিবারকে ফাঁসাতে এ বস্তুগুলো এখানে রাখা হয়েছে বলে ধারণা করছেন তিনি। সম্প্রতি ইউপি নির্বাচনে নির্বাচনী কেন্দ্র আমার বাড়ির পাশে ছিল। নির্বাচনে অনাকাঙ্খিত ঘটনা ঘটানোর জন্য হয়তো এ পরিত্যক্ত বাড়িতে কোনো প্রার্থীর লোকজন এগুলো রাখতে পারে। সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. মঞ্জুর কাদের জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বস্তুগুলো উদ্ধার করা হয়েছে। কস্কটেপ দিয়ে মোড়ানো বস্তুগুলো বোমা না অন্য কিছু তা খতিয়ে দেখা হচ্ছে। শাহাদাত হোসেন/এআরএ/পিআর