জাতীয়

পুলিশদের কষ্ট নিয়ে কখনো ভেবেছেন কি

আজকে এক বন্ধুর স্ট্যাটাসে পুলিশকে নিয়ে এক ভদ্র লোকের করা একটি মন্তব্য দেখে কষ্ট পেলাম। সবসময় পুলিশকে নিয়ে এতো মাতামাতি আর ছাতার মাথা মার্কা কথা শুনতে শুনতে কখনো অবাক আবার কখনো নির্বাক হই।আরে ভাই, পুলিশকে নিয়ে আপনি এতো যে সমালোচনা করছেন বুকে হাত দিয়ে বলুন দেখি, আপনার উপরে যে দায়িত্ব অর্পিত হয়েছে সেটুকু আপনি ঠিকমতো পালন করছেন কি?শত বদনাম, ঝুট-ঝামেলা, রোদ, বৃষ্টি কিংবা প্রখর রোদের মাঝে, মাথার ঘাম পায়ে ফেলে এই পুলিশই কিন্তু আপনার-আমার বিপদে সবার আগে এগিয়ে আসে। সাহায্যের হাত বাড়ায়।এ পর্যন্ত দায়িত্বরত অবস্থায় কতজন পুলিশ মারা গেছেন, কতজন বোমার স্পিন্টারের আঘাত নিয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন, নিহত পুলিশ স্বজনদের কী অবস্থা, তাদের আহাজারি আর গগনবিদারী চিৎকার আপনি শুনেছেন কি কখনো?আমার যে পুলিশ কনস্টেবল ভাইটা সাত সকালে পরম আদরের ঘুমন্ত সন্তানকে দেখে ডিউটি করতে এসে আবার যখন রাত্রে গিয়ে দ্যাখে যে বুকের ধন প্রিয় মেয়েটা `মা আব্বু কখন আসবে, আব্বু কখন আসবে` বলে ঘুমিয়ে পড়েছে সেই পুলিশ কনস্টেবলের বুকের ভেতরটা কি একবারও দেখেছেন?অস্বীকার করছি না আবার এড়িয়েও যাচ্ছি না, হ্যাঁ অবশ্যই পুলিশের মাঝে কিছু খারাপ মানুষ আছে, আক্কেলগুড়ুম হওয়ার মতো কিছু কাজও ঘটছে মাঝে মাঝে। এর পরিমাণ খুবই কম। এরকম মানুষদের পরিণতি আপনারা জানেন না। এরা প্রতিনিয়ত বিভাগীয় শাস্তি পাচ্ছে, কিংবা অনেকেই সাসপেন্ড হয়ে অপরাধের ঘানি টানছে বছরের পর বছর।পুলিশকে আপনার বন্ধু ভাবুন। ভালোভাবে আপনার সমস্যার কথা বুঝিয়ে বলুন। পুলিশের গঠনমূলক সমালোচনা করুন। এরা অন্য কেউ না। আমার কিংবা আপনার কারো ভাই, কারো মামা, কারো বোন কিংবা কারো বাবা।লেখাটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার এএসএম হাফিজুর রহমানের ফেসবুক ওয়াল থেকে নেয়া।এআর/বিএ