পূর্বশত্রুতার জের ধরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। এ ঘটনায় বজলুল রহমান নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার বারদী ইউনিয়নের দৌলরদী এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে উপজেলার বারদী ইউপির দৌলরদী গ্রামের আলী আকবর ও সোলেমান মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত শুক্রবার রাতে আলী আকবরের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সোলেয়মানের বাড়িতে হামলা চালিয়ে জাহাঙ্গীর ও ফজলুল হকসহ পাঁচজনকে আহত করে।এ ঘটনায় শুক্রবার রাতে সোলেমানের স্ত্রী রোকেয়া বেগম বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন। ঘটনার জেরে শনিবার সকালে সোলেমান হোসেনের নেতৃত্বে ২০-৩০ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আলী আকবরের পরিবারের উপর হামলা চালায়।এতে আলী আকবর, জসিম মিয়া, সিরাজউদ্দিন, শাহিদা, আক্তার হোসেন, আহম্মেদ আলী, সাখওয়াত মিয়াসহ ১০ জন আহত হয়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আলী আকবর টেটাবিদ্ধ হন। সেই সঙ্গে জসিম মিয়ার হাত কেটে যায়। এ ব্যাপারে সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. মঞ্জুর কাদেন জানান, জমি সংক্রান্তের বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মো. শাহাদাত হোসেন/এএম/এবিএস