দেশজুড়ে

ভাগ্নিকে ধর্ষণের দায়ে খালুর যাবজ্জীবন

নারায়ণগঞ্জে ধর্ষণ মামলায় আব্দুল আউয়াল নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড দেয়া হয়।সোমবার বিকেলে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আমজাদ হোসেন এ দণ্ডাদেশ দেন। রায় ঘোষণার সময়ে আসামি আব্দুল আউয়াল পলাতক ছিলেন। তিনি ওই কিশোরীর সম্পর্কে খালু।  আদালত সূত্রে জানা গেছে, ২০০০ সালের ২৬ মার্চ রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার সৈয়দপুর ভাইয়ের শশুর বাড়ি থেকে দাওয়াত খেয়ে কুড়েরপাড়স্থ খালার বাড়ি ফেরার পথে মধ্যেরচর এলাকায় খালু আব্দুল আউয়াল কর্তৃক ধর্ষণের শিকার হয় ওই কিশোরী। পরদিন নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।পরবর্তীতে এসআই রফিকুল ইসলাম তদন্ত শেষে একই বছরের ১৯ মে আদালতে চার্জশিট দাখিল করেন। এ মামলায় ওই কিশোরী, মামলার বাদী তার খালাসহ পাঁচজন আদালতে সাক্ষ্য প্রদান করেন। ঘটনার পরে আব্দুল আউয়ালকে পুলিশ গ্রেফতার করলেও পরে জামিন নেন। নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি মো. রকিবুদ্দিন আহমেদ রকিব বিষয়টি নিশ্চিত করেছেন।    শাহাদত হোসেন/এআরএ/এবিএস