পবিত্র ঈদুল আজহায় পরিবহনের যাত্রীদের ঝুঁকিপূর্ণভাবে চলাচল বন্ধসহ হয়রানি রোধে নারায়ণগঞ্জের জেলা প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। অতিরিক্ত যাত্রী বহনসহ বেশি ভাড়া আদায় বন্ধে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালত মাঠে নেমেছে। আর যেসব পরিবহনে অতিরিক্ত যাত্রী বহন করেছে ওইসব পরিবহন থেকে যাত্রী নামিয়ে দিয়ে চালকদের কঠোর হুঁশিয়ারি করা হয়।বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ফতুল্লা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) নাহিদা বারিকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি টিম অভিযান পরিচালনা করে। এছাড়া মহাসড়কে চলাচলরত বিভিন্ন পরিবহনের কাগজপত্র ত্রুটি থাকায় তিনটি পরিবহনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।ঈদুল আজহা উপলক্ষে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে চলাচলরত বিভিন্ন যানবাহনে অধিক মুনাফা আয়ের লক্ষ্যে ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচল করছে বলে অভিযোগ রয়েছে। এছাড়া যাত্রীদের নানাভাবে হয়রানি করা হচ্ছে। এমনকি ঈদ উপলক্ষে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগ উঠেছে। সেই সুবাধে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণে কঠোর ভূমিকা পালনের জন্য পদক্ষেপ গ্রহণ করেছে।নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা বারিক জানান, ঈদ উপলক্ষে মহাসড়কে ঝুঁকিপূর্ণভাবে পরিবহনে যাত্রীবহন না করাসহ হয়রানি বন্ধে গাড়িতে উঠে চালকদের সঙ্গে আলোচনা করে হুঁশিয়ার করে দেয়া হয়। এমকি যেসব পরিবহন ছাদে যাত্রী পরিবহন করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়।তিনি আরো জানান, বিভিন্ন পরিবহনে অভিযানে যেসব গাড়ির কাগজপত্র ত্রুটি রয়েছে বিআরটিএর কর্মকর্তার যাচাই বাচাইয়ের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনটি পরিবহনকে দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয়।মো. শাহাদাত হোসেন/বিএ