কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক কেরুনতলী থেকে অস্ত্রসহ মো. শাহজাহান (৩৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-৭। শুক্রবার স্থানীয় মৎস্য খামার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।তিনি স্থানীয় মৃত আবদুল মাবুদ চেয়ারম্যানের ছেলে। তার বিরুদ্ধে ১১টি মামলা রয়েছে বলে দাবি র্যাবের। র্যাব-৭ কক্সবাজার ক্যাম্প অধিনায়ক এএসপি শরাফত ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের একটি দল কেরুনতলী মৎস খামার এলাকায় অভিযান চালিয়ে অপরাধী হিসেবে পরিচিত শাহজাহানকে গ্রেফতার করে। তার দেখানো ও সনাক্ত মতে মৎস্য পুকুরের দক্ষিণ পাড়ের পানির ভিতর থেকে ৪ টি সক্রিয় একনালা বন্ধুক, ৩টি ওয়ান শুটার গান, ১৫ রাউন্ড বন্দুকের গুলি এবং ৩ হাজার ৪’শ পিস এয়ার গানের গুলি উদ্ধার করা হয়। তিনি আরো জানান, আটক শাহজাহানের নামে মহেশখালী থানায় হত্যা, চাঁদাবাজি, ডাকাতি, অস্ত্র, অপহরণ ও ১টি ওয়ারেন্টসহ সর্বমোট ১১ টি মামলা তদন্ত এবং বিচারাধীন রয়েছে। তিনি কুখ্যাত এনাম বহিনীর একজন সক্রিয় সদস্য। তার ভাই এনাম গত তত্বাবধায়ক সরকার আমলে যৌথ বাহিনীর কাছে ১টি একে-৪৭ রাইফেল হস্তান্তর করেছিলো। তাকে ১৮৭৮ সনের অস্ত্র আইনে মামলা দায়ের করে মহেশখালী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে উল্লেখ করেন এএসপি শরাফত। তিনি আরো জানান, র্যাব-৭ গত ১ জানুয়ারি হতে ৯ সেপ্টেম্বর পর্যন্ত সর্বমোট ৮৩ টি বিভিন্ন ধরণের অস্ত্রসহ মোট ২৬ টি ম্যাগাজিন, ৩ হাজার ৫৮৭ রাউন্ড বিভিন্ন ধরনের গুলি-কার্তুজ, ৬১ রাউন্ড খালি খোসা, ১৫টি ককটেল এবং ৩টি রকেট ফ্লেয়ার উদ্ধার করেছে। মহেশখালী থানার ওসি বাবুল চন্দ্র বণিক বলেন, এ ধরণে অভিযানের খবর তাদের কাছে অফিসিয়ালি এখনো আসেনি। তবে, স্থানীয় সূত্র মারফত জেনেছেন বলে উল্লেখ করেন তিনি। সায়ীদ আলমগীর/এআরএস