নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে চিহ্নিত ডাকাত সদস্য দেলোয়ার হোসেন দেলু ওরফে পিচ্চি দেলুসহ চারজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার, চাপাতিসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আটকরা হলেন, সিদ্ধিরগঞ্জের পাঠানটুলীর শাহজাহান ড্রাইভারের ছেলে পিচ্চি দেলু (৩০), বন্দর মনার বাড়ির ইসলাম মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (৩০) একই থানার ধামগড় এলাকার এমদাদ হোসেনের ছেলে আমিনুল ইসলাম (৩৮) এবং আলোচিত মাদক ব্যবসায়ী বন্দুক শাহিনের কথিত ভাগিনা চিহিৃত মাদক ব্যবসায়ী ফয়সাল ওরফে চক্ষু ফয়সাল (২৮)।সোমবার ভোরে বন্দর উপজেলার মদনপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো ৫-৬ জন ডাকাত পালিয়ে যায়। জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সেলিম মিয়া জানান, বন্দর উপজেলার মদনপুর এলাকার নাজমুর রহমানের মালিকানাধীন কাশবনে ৮-১০ জনের একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাত পিচ্চি দেলুসহ তিন ডাকাতকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার, চাপাতিসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো কয়েকজন ডাকাত পালিয়ে যায়। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে বন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে। ডিবি পুলিশের অপর একটি অভিযানে শহরের আলোচিত মাদক ব্যবসায়ী বন্দুক শাহিনের কথিত ভাগিনা চিহিৃত মাদক ব্যবসায়ী ফয়সাল ওরফে চক্ষু ফয়সালকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সোমবার সকালে শহরের চাষাড়া এলাকা হতে তাকে আটক করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সেলিম মিয়া এ বিষয়টি নিশ্চিত করেছেন।মো. শাহাদাত হোসেন/এএম/এবিএস