দেশজুড়ে

ঢাকার টিকিট পেলেন কক্সবাজারের ১৭ সাঁতারু

সেরা সাতারু প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে অংশ নিতে টিকিট নিশ্চিত করেছেন কক্সবাজারের ১৭ জন সাঁতারু। বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদ সংলগ্ন পুকুরে অনুষ্ঠিত ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ প্রতিযোগিতার জেলা পর্যায়ে বাছাই পর্বে তারা নির্বাচিত হন। আগামী ১৭ অক্টোবর ঢাকা সুইমিং কমপ্লেক্সে অনুষ্ঠিতব্য ২য় পর্বে সারাদেশের ১০০০ সাঁতারুর সঙ্গে লড়বেন কক্সবাজারের এ সাঁতারুরাও।কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত এ সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আলী হোসেন।জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপু জানান, জেলা পর্যায়ের বাছাই পর্বে ৪ ক্যাটাগরিতে ১২৫ ছেলে ও ১৯ মেয়ে অংশ নেয়। এর মধ্যে ১৩-১৫ বছর, ১৫-১৭ বছর ও ১৮ থেকে তদুর্ধ বয়সী ক্যাটাগরিতে ঢাকার টিকিট পেয়েছেন ৭ জন। আর ১১-১২ বয়সী ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন ১০ সাঁতারু। এর মধ্যে ১০ জন ছেলে ও ৭ জন মেয়ে। ইয়েস কার্ড পাওয়া ১৭ জনের মধ্যে ১০ জনকে পুরস্কৃত করা হয়। নগদ টাকা ও সার্টিফিকেটসহ উপহার সামগ্রি তাদের হাতে তুলে দেন অতিথিরা।ইয়েস কার্ড পাওয়া ফারুক, দেলোয়ার, খালেকুজ্জামান, সাদিয়া, শাহাদাত, রুনারা বলেন, কখনো কল্পনাতেও ছিল না সাঁতার প্রতিযোগিতায় অংশ নিয়ে ঢাকায় যাওয়ার সুযোগ পাবো।  সাগর, বাঁকখালী নদী অথবা বাড়ির পুকুরে সাঁতার কেটে আমাদের বেড়ে ওঠা। প্রকৃতির ডাকেই আমরা সাঁতার কেটেছি, কখনো প্রশিক্ষণের সুযোগ মেলেনি। আজ স্বীকৃতি পেয়ে আমরা খুশি। এটি আমাদের মনোবল বাড়িয়েছে। এখন আশা করতে পারি আমরা চূড়ান্ত পর্বে সেরা ৬০ সাঁতারুতে স্থান দখল করে কক্সবাজারের মুখ উজ্জ্বল করতে পারবো।বাংলাদেশ সুইমিং ফেডারেশন ও নৌবাহিনীর উদ্যোগে সাঁতারু অন্বেষণ প্রতিযোগিতা ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ এর ৫৪তম জেলা হিসেবে কক্সবাজারে বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় পুকুরপাড়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আলী হোসেন।এসময় প্রধান অতিথি বলেন, সাঁতার জীবন রক্ষার পাশাপাশি শরীরও ভালো রাখে। তাই এটি সব মানুষের জন্য জরুরি। সঠিকভাবে সাঁতার জানা থাকলে প্রাকৃতিক দুর্যোগ থেকে সহজে বাঁচা যায়। এছাড়াও সাঁতার এখন আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্ট। তাই সাঁতারকে আয়ত্তে নিয়ে নিজেকে বিশ্ব মাঝে মেলে ধরার সুযোগ রয়েছে।জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পর্যায়ের বাছাই পর্বের দায়িত্বপ্রাপ্ত নৌবাহিনীর কমান্ডার এসএম মাহমুদুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপু, সুইমিং ফেডারেশনের সহ-সভাপতি আব্দুল মান্নান, সদর উপজেলা চেয়ারম্যান জিএম রহিমুল্লাহ প্রমুখ।সায়ীদ আলমগীর/বিএ