৫ ঘণ্টা পর দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলের আগুন নিয়ন্ত্রণে এসেছে। রোববার সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।এর আগে রোববার ভোর ৫টায় বেনাপোল বন্দরের ২৩ নম্বর শেডে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে বন্দরের পরিচালক নিতাই চন্দ্র সেন জানান। আগুন নিয়ন্ত্রণে ফায়ার ব্রিগেড বেনাপোল স্টেশনের একটি ইউনিট, ঝিকরগাছা, যশোর ও মণিরামপুরের আরো কয়েকটি ইউনিট কাজ করেছে।বন্দরের ২৩ নম্বর শেডে মূলত রাসায়নিক দ্রব্যাদি রাখা হয়। আগুনে সেগুলো পোড়ার পাশাপাশি খোলা আকাশের নিচে রাখা অন্যান্য মালামালও ভস্মীভূত হয়েছে। এতে কোটি টাকা ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এমনকি বন্দরের অভ্যন্তরে থাকা পণ্যবাহী কয়েকটি ভারতীয় ট্রাক এবং বেনাপোল পোর্ট থানার একাংশ পুড়ে গেছে। বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন বলছেন, পরিকল্পিতভাবে আগুন লাগানোর সন্দেহ উড়িয়ে দেয়া যায় না। এর আগেও বেনাপোল বন্দরে আগুন লেগেছে। প্রতিবারই বন্দর কর্তৃপক্ষ শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে থাকেন।জামাল হোসেন/এসএস/এমএস