দেশজুড়ে

নারায়ণগঞ্জে পল্লীবিদ্যুতের কর্মচারীদের কর্মবিরতি

চাকরি স্থায়ীকরণসহ ছয় দফা দাবিতে নারায়ণগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি-১-এর প্রধান কার্যালয়ে মিটার রিডার ও ম্যাসেঞ্জাররা কর্মবিরতিসহ বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট পালন করেছেন। সারাদেশে একযোগে লাগাতার কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকাল ১০টা থেকে সোনারগাঁয়ের চেঙ্গাইন এলাকার মিটার রিডার ও ম্যাসেঞ্জার ঐক্য পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে নারায়ণগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির বিভিন্ন জোনাল অফিসের মিটার রিডার ও ম্যাসেঞ্জাররা অংশ নেন।নারায়ণগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি-১-এর ঐক্য পরিষদের নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, ছাঁটাই বন্ধকরণ, নিয়োগ প্রক্রিয়া চালু ও চাকরি নিয়মিতকরণসহ ছয় দফা দাবিতে তারা এ কর্মসূচি পালন করছেন। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি ও ধর্মঘট চলবে। সারাদেশে প্রায় ১৫ হাজার মিটার রিডার ও ম্যাসেঞ্জার কর্মরত রয়েছেন বলে তারা জানান।এদিকে, নারায়ণগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির প্রধান কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘটের কারণে সকাল থেকে সব ধরনের দাপ্তরিক কার্যক্রম বন্ধ হয়ে পড়ে।নারায়ণগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি-১-এর জোনাল ম্যানেজার মো. আব্দুল্লাহ আল মামুন প্রধান কার্যালয়ের সামনে আন্দোলনকারীদের উদ্দেশে বলেন, আপনাদের দাবির বিষয়ে সরকারের সঙ্গে আলাপ-আলোচনা করে সমাধান করা হবে। আপনারা কর্মসূচি প্রত্যাহার করে কাজে যোগ দেন।ছাঁটাই বন্ধকরণ, নিয়োগ প্রক্রিয়া চালু, চাকরি নিয়মিতকরণ, অসহায় পরিবারের খোঁজ-খবর নেয়া, চুক্তি থেকে মুক্তিসহ ছয় দফা দাবিতে মিটার রিডার ও ম্যাসেঞ্জাররা এ কর্মসূচি পালন করছেন। নারায়ণগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি-২-এর আওতায় চুক্তিভিত্তিক ৩৬৫ জন মিটার রিডার ও ম্যাসেঞ্জার কমরর্ত রয়েছেন।শাহাদাত হোসেন/আরএআর/আরআইপি