দেশজুড়ে

পুলিশের বাধায় কুবি ছাত্রদলের মোটর শোভাযাত্রা পণ্ড

কুমিল্লা নগরীতে পুলিশের বাধায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মোটর শোভাযাত্রা পণ্ড হয়ে গেছে। বুধবার দুপুরে নগরীর টাউন হল মাঠে ওই শোভাযাত্রায় যোগদানকারী ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়া করে পাঁচটি মোটরসাইকেল আটক করেছে পুলিশ। জানা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নবগঠিত কমিটির নেতাকর্মীরা বুধবার দুপুরে কুমিল্লা নগরীর টাউন হল মাঠ থেকে আনন্দ মিছিল ও মোটর শোভাযাত্রা নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় অভিমুখে রওয়ানার প্রস্তুতি নেয়। এ সময় কোতোয়ালি মডেল থানা পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে টাউন হল মাঠে সমবেত ছাত্রদলের নেতাকর্মীদের পুলিশ ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি নোমান আহাম্মেদ অভিযোগ করে বলেন, বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে আমরা শান্তিপূর্ণভাবে আনন্দ মিছিল সহকারে মোটর শোভাযাত্রা নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অভিমুখে রওনা করেছিলাম। এর আগে আমরা পুলিশের অনুমতি নিলেও পরে পুলিশ লাঠিচার্জ করে আমাদের নেতাকর্মীদের পাঁচটি মোটরসাইকেল আটক করে নিয়ে যায়। কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সালাউদ্দিন আহাম্মেদ বলেন, অনুমতি ছাড়াই ছাত্রদলের নেতাকর্মীরা মোটর শোভাযাত্রা করতে টাউন হল মাঠে সমবেত হয়। নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ জনমনে আতঙ্ক সৃষ্টির সম্ভাবনা থাকায় আমরা তা করতে দেয়নি। এছাড়া কাগজপত্র না থাকায় পাঁচটি মোটরসাইকেল আটক করা হয়েছে।   কামাল উদ্দিন/এফএ/পিআর