দেশজুড়ে

৩ শিশুসহ কারাগারে মা

নারায়ণগঞ্জে নারী নির্যাতন মামলায় তিন শিশু সন্তানসহ এক গৃহবধূকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। জিয়াসমিন আক্তার নামে ওই গৃহবধূর সঙ্গে হাবিব নামে দুই বছরের একটি ছেলে ও তিন মাসের যমজ শিশুকন্যা রয়েছে। একই মামলায় ওই গৃহবধূর বাবা ও মাকেও কারাগারে পাঠানো হয়। বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে গৃহবধূসহ তারা তিনজন আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। পরে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আত্মসমর্পণকারী হলেন- বন্দর উপজেলার কুশিয়ারা গ্রামের আবু কালাম পাটোয়ারী, তার স্ত্রী মালেকা পারভীন ও মেয়ে জিয়াসমিন আক্তার। এদের মধ্যে জিয়াসমিন আক্তারের সঙ্গে হাবিব নামে দুই বছরের এক ছেলে ও তিন মাসের দুই যমজ শিশুকন্যা রয়েছে।আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এসএম ওয়াজেদ আলী খোকন জানান, গত ৪ জুন বন্দর উপজেলার কুশিয়ারা গ্রামে টাকা-পয়সার লেনদেন নিয়ে ফালানী বেগম নামে এক নারীকে হাত-পা বেঁধে মারধর করেন একই এলাকার আবু কালাম পাটোয়ারীসহ তার পরিবারের লোকজন। এ ঘটনায় একই পরিবারের পাঁচজনের বিরুদ্ধে বন্দর থানায় একটি মামলা করেন ফালানী বেগম। এ মামলায় আবু কালাম পাটোয়ারী তার স্ত্রী মালেকা পারভীন ও মেয়ে জিয়াসমিন আক্তার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মো: শাহাদাত হোসেন/এএম/এবিএস