গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনের সড়কে ট্রলিচাপায় মো. হাবিবুর রহমান হাবিব (২৬) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিব শহরের মৌলভীপাড়ার আব্দুল জব্বারের ছেলে এবং গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এলএলবি (পাস) কোর্সের প্রথম বর্ষের ছাত্র।ঘটনার পর জেলা প্রশাসক মো. মোখলেসুর রহমান সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও নিহতের স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান হাবিব বিশ্ববিদ্যালয় থেকে মোটরসাইকেলে করে শহরের দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে একটি ব্যাটারিচালিত রিকশাভ্যান তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সে মোটরসাইকেল নিয়ে রাস্তার ওপর পড়ে যায়। এ সময় দ্রুতগামী একটি মাটি বহনকারী ট্রলি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।এদিকে, এ ঘটনার প্রতিবাদে ও শহরের মধ্যে অবৈধ ট্রলি বন্ধের দাবিতে দুপুর ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা প্রশাসকের বাসভবনের সামনের সড়কে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রায় দুই শতাধিক শিক্ষক-শিক্ষার্থী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।প্রতিবাদ সমাবেশে আইন বিভাগের সহযোগী অধ্যাপক মো. রাজিউর রহমান, একই বিভাগের শিক্ষক মানছুরা খানম, রূবায়েত হাসান, বিশ্ববিদ্যালয়ের স্টেট অফিসার তসলিম আহম্মেদ, শিক্ষার্থী মোজাম্মেল হোসেন মুন্না, এস এম হুমায়ুন কবীর, ফারজানা ইসলাম তন্নি, বিভূতিভূষণ বিশ্বাস, তাহমিনা আকতার প্রমূখ বক্তব্য দেন।পরে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের সাথে সাক্ষাত করে ঘাতক ট্রলিচালককে গ্রেফতার ও উপযুক্ত শাস্তি দাবি করেন। জেলা প্রশাসক শহরের মধ্যদিয়ে ট্রলি চলাচল বন্ধ ও ঘাতক ট্রলিচালককে গ্রেফতারের আশ্বাস দেন। এস এম হুমায়ূন কবীর/আরএআর/এমএস