নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, আমি মুক্তিযোদ্ধার সন্তান, আমাকে আপনারা নির্বাচিত করুন। নির্বাচিত হলে মুক্তিযোদ্ধাদের জন্য যা যা করা সম্ভব করবো। সুষ্ঠুভাবে ভোট হলে এবং ভোটাররা ভোটকেন্দ্রে যেতে পারলে ধানের শীষের বিশাল বিজয় হবে বলেও আশা ব্যক্ত করেন তিনি। শুক্রবার দুপুরে বন্দর উপজেলার সমরক্ষেত্রে বিজয় দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এর আগে সকাল থেকে বন্দরের ২১ ও ২২নং ওয়ার্ডে গণসংযোগ করেন তিনি। বিজয় দিবসের অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা আতাউর রহমান মুকুল, বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদ প্রমুখ। অনুষ্ঠানে সাখাওয়াত হোসেন খান নেতাদের কাছে ভোট প্রার্থনা করেন। পরে তিনি মঞ্চের সামনে থাকা মুক্তিযোদ্ধাসহ অন্যদের কাছ থেকে ভোট ও দোয়া চান। সাখাওয়াতের সঙ্গে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদ হাসান রোজেল, মহানগর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক শাহেদ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। শাহাদাত হোসেন/এআরএ/পিআর