নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, সবখানে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে। যেখানেই যাচ্ছি লোকজনের প্রচুর সাড়া পাচ্ছি। লোকজন ধানের শীষে ভোট দিতে উন্মুখ হয়ে আছে। সুষ্ঠু ভোট হলে ধানের শীষ বিপুল ভোটে জয়ী হবে। ধানের শীষের গণজোয়ার কেউ দাবিয়ে রাখতে পারবে না।রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত শীতলক্ষ্যা নদীর পূর্বপাড় বন্দরে ২৪ ও ২৫নং ওয়ার্ডে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।সাখাওয়াত হোসেন আরও বলেন, সবাই ভোট দিতে পারবেন কিনা শঙ্কায় আছেন। আমি আশা করবো নির্বাচন কমিশন এবার সুষ্ঠু ভোটের ব্যবস্থা করবে। কোনো ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবে না বলে বিশ্বাস করি। ইলেকশন ইঞ্জিনিয়ারিং না করলে ধানের শীষ বিপুল ভোটে জিতবে এতে সন্দেহের কোনো অবকাশ নেই। তিনি বলেন, নারায়ণগঞ্জের দুই পাড়ের মানুষের আশা একটি সেতু। তারা শীতলক্ষ্যা নদীর ওপর একটি সেতু চায়। আমি নদী পার হয়ে এসেছি। আমি দেখেছি মানুষের কী কষ্ট। নদীর দুই পাড়ের মানুষই চায় দ্রুত একটি সেতু। আমি নির্বাচিত হতে পারলে প্রথমেই সেতু নির্মাণ কাজ শুরু করবো।সাখাওয়াত হোসেন বলেন, গ্যাস-বিদ্যুতের পাশাপাশি হোল্ডিং ও ট্রেড লাইসেন্স ফি কমানো হবে। এসব ট্যাক্সের কারণে মানুষ অতিষ্ট।শাহাদাত হোসাইন/আরএআর/আরআইপি