রাজনীতি

নাসিক নির্বাচনের প্রচারণায় ছাত্রদলের ছয় টিম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল -বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা বন্দর নগরী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। নির্বাচনী এলাকায় সাবেক ও বর্তমান কমিটির ছাত্রনেতারা ছয়টি টিমে বিভক্ত হয়ে বিএনপি সমর্থিত প্রার্থী কে এম সাখাওয়াত হোসেনের পক্ষে ভোট চাইছেন।খোঁজ নিয়ে জানা গেছে, ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকনের নেতৃত্বে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির একটি টিম নারায়ণগঞ্জের চাষারা, ১২নং ওয়ার্ড মিশন পাড়া,  খানপুর, ব্যাংক কলনী ও হোসিয়ারী সমিতি এলাকায় দলীয় প্রার্থী কে এম সাখাওয়াত হোসেনের পক্ষে প্রচারণা চালাতে অবস্থান করছেন। গত ১২ ডিসেম্বর সকাল থেকে তারা কাজ শুরু করেছেন। বিভিন্ন ওয়ার্ড দলীয় প্রার্থীকে জয়ী করতে ভোট চাইছেন।এছাড়া ছাত্রদলের এ টিমে কাজ করছেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মো. আবুল হাছান, এবিএম মহসীন বিশ্বাস, সহ-সাধারণ সম্পাদক কাজী মেজবাহুল আলম, সদস্য আজিজুল পাটোয়ারী আজিম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা যুগ্ম সাধারণ সম্পাদক কে এম সাখাওয়াত হোসেন, সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিক প্রমুখ।অন্যান্য টিমের মধ্যে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহমেদের সঙ্গে সকল সহ-সভাপতি এবং সাধারণ সম্পাদক আকরামুল হোসেনের সঙ্গে যুগ্ম সাধারণ সম্পাদকরা কাজ করছেন। ছাত্রদলের সাবেক নেতা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নিরব বন্দর থানায় নির্বাচনী দায়িত্ব পালন করছেন। ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি মো. কামরুজ্জাম্মান জুয়েলের নেতৃত্বে ১৩নং ওয়ার্ডে ছাত্রদলের আরও একটি টিম নির্বাচনী প্রচারণায় কাজ করছেন।নির্বাচন প্রচারণায় দায়িত্বে থাকা মিডিয়া উইং এর দায়িত্ব পালন করছেন সাবেক ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সেলিমুজ্জামান সেলিম।এ বিষয়ে ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন জাগো নিউজকে বলেন, ক্ষমতাসীন দলের এক পক্ষে নারায়ণগঞ্জ সেভেন মার্ডারের খুনি অন্য পক্ষে আইভী। বাস্তবতা হলো দুটো পক্ষই নারায়ণগঞ্জে সন্ত্রাসী এলাকায় পরিণত করেছে। নারায়ণগঞ্জবাসী সাত খুনের বিচার পেতে চায়।এ সময় বিএনপি সমর্থিত কে এম সাখাওয়াতকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।এসএম/আরএস/এমএস