অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের পর বেনাপোল লোকাল বাসস্ট্যান্ডের রাস্তার ওপর থেকে যাত্রীবাহী বাস থেকে শিশুসহ ২৮ নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বুধবার দুপুরে তাদের আটক করা হয়। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি। আটকদের মধ্যে ১২ জন পুরুষ ১০ জন নারী ও ৬ জন শিশু রয়েছে। এদের বাড়ি নড়াইল ও খুলনা জেলার বিভিন্ন এলাকায়। যশোর ২৬-বিজিবির বেনাপোল ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার শহিদ জানান, বেশকিছু নারী-পুরুষ ও শিশু ভারত থেকে ফিরে বেনাপোল থেকে (সিলেট-জ-১১-০৬২৭) নম্বরের একটি বাস রিজার্ভ করে নড়াইল ও খুলনা যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান সুবেদার শহিদ। বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমান জানান, আটকদের বিকেলে থানা হাজত থেকে যশোর আদালতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে।মো. জামাল হোসেন/এএম/এমএস