দেশজুড়ে

আবারও পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিককে হত্যার চেষ্টা

নারায়ণগঞ্জে আবারও পায়ুপথে বাতাস ঢুকিয়ে আল-আমিন (১৬) নামের স্পিনিং মিলের এক শ্রমিককে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রিমন (২০) নামের এক শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার বেলা দেড়টার দিকে আড়াইহাজার উপজেলার উপজেলার ব্রা‏হ্মন্দী ইউনিয়নের গোপিন্দী বিনাইরচর এলাকায় ছাবেদ আলী স্পিনিং মিলে এ ঘটনা ঘটে। আল আমিন উপজেলার ব্রা‏হ্মন্দী ইউনিয়নের গোপিন্দী গ্রামের হাছান আলীর ছেলে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও কারখানা সূত্রে জানা গেছে, বুধবার কারখানার মেকানিক্যাল ইউনিটে আল আমিন ও রিমনসহ চার শ্রমিক কাজ করছিলেন। বেলা দেড়টার দিকে আল আমিনের পায়ুপথে প্লাস্টিকের নল দিয়ে বাতাস ঢুকিয়ে দেন রিমন। পেট ফুলে যাওয়ায় আল আমিন ছটফট করতে থাকে। একপর্যায়ে সেখানে কর্মরত অপর দুই শ্রমিক আলামিন ও ইমন ঘটনাটি কারখানা কর্তৃপক্ষকে জানায়। এরপর কারখানার লোকজন আল আমিনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। খবর পেয়ে আড়াইহাজার থানা-পুলিশ বিকেলে ওই কারখানায় অভিযান চালিয়ে রিমনকে গ্রেফতার করে।আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানান, রিমনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। রিমন রাজশাহীর চারঘাটের থানাপাড়া এলাকার রবিউল ইসলামের ছেলে।গত ২৫ জুলাই নারায়ণগঞ্জের রূপগঞ্জে জোবেদা স্পিনিং মিলে পায়ুপথে বাতাস দিয়ে সাগর বর্মণ নামের এক শিশু শ্রমিককে হত্যা করা হয়। এ ঘটনায় সাগরের বাবা রতন বর্মণ বাদী হয়ে কারখানার চার কর্মকর্তার নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে মামলা করেন।গত ১৪ ডিসেম্বর সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের মরিচটেক এলাকায় বিআর স্পিনিং মিলে ইয়ামিন (১৪) নামের আরেক শ্রমিককে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ রায়হান নামের এক শ্রমিককে গ্রেপ্তার করে। ওই ঘটনায় ইয়ামিনের বাবা শাহজাহান বাদী হয়ে রায়হানকে একমাত্র আসামি করে মামলা করেন। বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে।এএম/জেআইএম