‘ভালো’ কাজের সন্ধানে পাচারকারীদের প্রলোভনে পড়ে অবৈধ পথে ভারতে গিয়ে আটক হওয়ার দেড় বছর পর দেশে ফেরত পাঠানো হয়েছে ২ তরুণীসহ ৫ কিশোরকে। বৃহস্পতিবার সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট দিয়ে ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানো হয়। ফেরত পাঠানোদের মধ্যে রয়েছে, মারুফা বেগম (১৯), লাভলী খাতুন (২০), রাকিব উদ্দিন (১৪), সোহেল রানা (১৫), দিদার মোল্লা (১৫), নাসির উদ্দিন (১৪) ও রাসিফ মিয়া (১৫)। তাদের বাড়ি ঢাকা, চট্রগ্রাম, পিরোজপুর, যশোর, খুলনা ও চাপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়।বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, দুই বছর আগে মিথ্যা চাকরির আশ্বাসে ও ভাল কাজের প্রলোভনে ভারতে যায় এসব তরুণী ও কিশোররা। এক পর্যায়ে কলকাতার বারাসাতে পুলিশের হাতে আটক হয় তারা। পরে তাদের ঠাঁই হয় কিশোর ও নবজীবন শেল্টারহোমে। সেখান থেকে মানবধিকার সংগঠনের উদ্যোগে দু`দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে দেশে ফেরত পাঠানো হয় তাদের। বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির যশোর শাখার কর্মকর্তা মুহিত হোসেন জানান, বেনাপোল পোর্ট থানা থেকে তাদের নিয়ে যশোরের নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। পরবর্তীতে প্রত্যেককে নিজ নিজ পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে বলে তিনি জানান। জামাল হোসেন/এফএ/পিআর