চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় সৌদিয়া পরিবহনের যাত্রীবাহি একটি চেয়ারকোচকে লক্ষ্য করে হামলার চেষ্টা চালানো হয়। এ সময় বাসটি খাদে পড়ে আহত হয়েছেন ৫ জন। শনিবার রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে।সৌদিয়া পরিবহনের ইনচার্জ নিরূপম পাল জানিয়েছেন, কক্সবাজার থেকে সৌদিয়া পরিবহনের চেয়ারকোচ (চট্ট মেট্টো ব-১১-০১৩৪) যাত্রী নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা হয়। বাসটি চকরিয়া উপজেলার নলবিলা বনবিভাগ চেকপোষ্ট সংলগ্ন এলাকায় পৌঁছলে একটি মাইক্রোবাস যোগে কয়েকজন র্দূবৃত্ত বাসটি লক্ষ্য করে পেট্টোল বোমা নিক্ষেপের চেষ্টা করে। বিষয়টি বুঝতে পেরে বাসের চালক দ্রুত বাস ভিন্ন দিকে মোড় নিলে বাসটি ওই স্থানে খাদে পড়ে যায়।এসময় বাসটির কাঁচ ভেঙ্গে আহত হন ৫ জন। তবে বাসটি পেট্টোল বোমার হাত থেকে রক্ষা করা সম্ভব হয়েছে।চকরিয়া হাসপাতালের জরুরী বিভাগে দায়িত্বরত ডা. সাবের আহমদ জানিয়েছেন, এ ঘটনায় কক্সবাজার শহরের বাহারছড়া এলাকার মৃত সৈয়দ আলমের পুত্র ছানা উল্লাহ (৪৮) গুরুতর আহত হয়েছেন। তার হাতের কনুইয়ে আগুনের উত্তাপে পুঁড়ে যাওয়ার মতে চিহ্ন রয়েছে।তাকে চকরিয়া হাসপাতাল থেকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হচ্ছে।তিনি জানান, এ ঘটনায় অন্যান্যভাবে আহত হয়ে চকরিয়া হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, কক্সবাজার শহরের বাহারছড়া এলাকার সুনীল চন্দ্র দাশের পুত্র সমির চন্দ্র দাশ (৩৫), সাতকানিয়ার নুর আহমদের পুত্র সাব্বির আহমদ (২৩), চট্টগ্রামের লোহাগড়ার আমিরাবাদ এলাকার মুস্তাফিজুর রহমানের পুত্র এ্যাডভোকেট আকতার (৪০), কক্সবাজার শহরের বাহারছড়া এলাকার মনজুরুল আলম।এ ব্যাপারে চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধরকে একাধিকবার ফোন করা হলে তিনি ফোন ধরেননি।তবে এ ঘটনাটি পেট্রোল বোমা হামলা নয় বলে জানিয়েছেন কক্সবাজারের পুলিশ সুপার শ্যামল কুমার নাথ। তিনি জানিয়েছেন, বাসটি কি কারণে খাদে পড়ে গেছে নিশ্চিত নন তিনি। পুলিশ ঘটনাস্থলে বিষয়টি তদন্ত করে দেখছেন। ওখানে পেট্টোল বোমার লক্ষ্য পাওয়া যায়নি।এমজেড/আরআইপি