কক্সবাজার জেলা কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত হাজতির নাম মো. সুলতান (৫০)। তিনি কক্সবাজার সদর উপজেলার খুরুস্কুল ইউনিয়নের পালপাড়ার গুরা মিয়ার ছেলে। সদর হাসাপাতালের রেজিস্ট্রার মতে, হাজতি মো. সুলতানকে রাত ৯টা ৫ মিনিটে কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়। জানতে চাইলে কর্তব্যরত ডা. চিন্ময় বড়ুয়া বলেন, রোগীকে শেষ সময়ে হাসপাতালে আনা হয়েছে। কী হয়েছে তা পরীক্ষা-নিরীক্ষা করতে করতেই রোগী মারা যান। আগের চিকিৎসার ব্যবস্থাপত্র দেখে জানা গেছে অ্যাজমা রোগী ছিলেন তিনি। অভিযোগ উঠেছে, হাসপাতালে আনার আগেই হাজতি সুলতানের মৃত্যু হয়। জেল কর্তৃপক্ষ চিকিৎসকের যোগসাজসে এ তথ্য চাপা দেয়ার চেষ্টা করছে। এ ব্যাপারে জানতে কক্সবাজার জেলা কারাগারের জেল সুপার বজলুর রশীদকে বেশ কয়েকবার মুঠোফোনে কল করা হলেও তিনি কল ধরেননি। জেলারের মুঠোফোন বন্ধ পাওয়ায় প্রকৃত তথ্য সম্পর্কে জেল কর্তৃপক্ষের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।সায়ীদ আলমগীর/এএম/এমএস