অর্থনীতি

ইসলামী ব্যাংকে আল-রাজী গ্রুপের আরেক পরিচালক

ইসলামী ব্যাংকে বর্তমানে আল-রাজী গ্রুপের পক্ষে পরিচালক হিসেবে আছেন ইউসিফ আবদুল্লাহ আল-রাজী। এবার তার ছেলে ফয়সল আবদুল্লাহ আল-রাজীকে পরিচালক হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটি, যা বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র জানায়, ইসলামী ব্যাংকের সবচেয়ে বেশি শেয়ারধারী হচ্ছে আল-রাজী গ্রুপ। বর্তমানে ব্যাংকটিতে আল-রাজীর শেয়ারের পরিমাণ ৩৬ শতাংশ। পরিচালক ইউসিফ আবদুল্লাহ আল-রাজী বছরে ব্যাংকটির পরিচালনা পর্ষদের দু-তিন সভার বেশি উপস্থিত থাকতে পারেন না। ফলে ৩৬ শতাংশ শেয়ারের মালিক ব্যাংকটি কীভাবে চলছে, তার হালনাগাদ তথ্য পান না। ফয়সল আবদুল্লাহ নিয়োগ পেলে ব্যাংকটির পর্ষদ সভায় নিয়মিত অংশ নেয়ার চেষ্টা করবেন বলে জানানো হয়েছে।এদিকে গত রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দিন ও বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশন অব নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্সের অধ্যাপক নাজমুল হাসানকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ অনুমোদন করেছে কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি আগের মনোনীত পরিচালকের চাকরির মেয়াদ শেষ হওয়ায় আইসিবির পক্ষে মহাব্যবস্থাপক কামাল হোসেন গাজীকে পরিচালক হিসেবে নিয়োগ অনুমোদন করেছে কেন্দ্রীয় ব্যাংক।জানা গেছে, ব্যাংকটির নেতৃত্ব পরিবর্তন হওয়ার আগেই ব্যাংকটির পর্ষদ সভায় আল-রাজী গ্রুপের পক্ষে ফয়সল আবদুল্লাহ আল-রাজীকে পরিচালক নিয়োগ দেয়ার সিদ্ধান্ত হয়। গত ডিসেম্বরে তা অনুমোদনের জন্য কেন্দ্রীয় ব্যাংকে পাঠানো হয়।নতুন পরিচালক নিয়োগ পেলে ব্যাংকটিতে পরিচালকের সংখ্যা দাঁড়াবে ২০ জনে। কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা অনুযায়ী, প্রতিটি ব্যাংকে সর্বোচ্চ ২০ জন পরিচালক থাকার সুযোগ আছে।গত ৫ জানুয়ারি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক পদত্যাগ করেন। নতুন নেতৃত্বের সবাই আসেন অন্য একটি ব্যাংক থেকে।এদিকে গতকাল ইসলামী ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাংকটির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব নিযুক্ত হয়েছেন জে কিউ এম হাবিবুল্লাহ। এর আগে তিনি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কোম্পানি সচিব ছিলেন। তাকে পদোন্নতি দিয়ে ডিএমডি করেছে।এমইউএইচ/এমএমজেড/পিআর