জাতীয় ব্লাইন্ড ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কক্সবাজার ব্লাইন্ড ক্রিকেট দল। চট্টগ্রাম এম. এ. আজিজ স্টেডিয়ামে সোমবার অনুষ্ঠিত আসরটির ফাইনালে চট্টগ্রাম ব্লাউন্ড ক্রিকেট দলকে ৭ উইকেটে হারিয়ে কক্সবাজার বায়তুশ শরফ ব্লাইন্ড ক্রিকেট দল। টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে চট্টগ্রাম। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তারা ১৬২ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৭৬ রান সংগ্রহ করেন আরিফ। ১৬৩ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে কক্সবাজার বায়তুশ শরফ ব্লাইন্ড ক্রিকেট দল ১৮ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর ফেলে। কক্সবাজারের পক্ষে সর্বোচ্চ ৬৬ রান সংগ্রহ করেন আবদুল্লাহ জুবায়ের। ৭ উইকেটে জয় লাভ করে কক্সবাজার দল। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন চট্টগ্রাম দলের সর্বোচ্চ রান সংগ্রহকারী মো. আরিফ। চ্যাম্পিয়ন দল কক্সবাজারের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ট্রপি তুলে দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। এ সময় অতিথি ছিলেন ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের সিনিয়র সভাপতি চট্টগ্রাম ব্লাইন্ড ক্রিকেট দলের সভাপতি লায়ন দিদারুল আলম চৌধুরী, বাংলাদেশ ক্রিকেট কাউন্সিলের পরিচালক ও কক্সবাজার ব্লাইন্ড ক্রিকেট দলের সভাপতি এম.এম সিরাজুল ইসলাম।আরো উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির সমন্বয়কারী মো. হাফিজুর রহমান, ক্রিকেট কাউন্সিল এর প্রধান নির্বাহী সৈয়দ কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. তাইজুদ্দিন ও কোচ সানোয়ার আহমদ। সায়ীদ আলমগীর/এনইউ/এমএস