দেশজুড়ে

নারীর প্রতি সহিংসতা রোধে সাইকেল র‌্যালি

‘রঙিন পৃথিবীর রঙিন আলো সকল নারী থাকুক ভালো’ এ প্রতিপাদ্যে নারীর প্রতি সহিংসতা ও যৌন হয়রানি প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষে কক্সবাজারে ‘সাইকেল র‌্যালি’ অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকালে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক উপ-সড়ক ঘুরে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।বেসরকারি সংস্থা ব্র্যাক’র আয়োজনে র‌্যালিতে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেয়। অংশগ্রহণকারীদের গায়ে রঙিন টি-শার্ট ও উত্তরীয় ছিল।এর আগে বেলুন উড়িয়ে র‌্যালির উদ্বোধন করেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার।তিনি বলেন, নারীরা হচ্ছে প্রেরণার উৎস, সমাজ পরিবর্তনের কারিগর। তাদের সর্বক্ষেত্রে সহায়তা করতে হবে। যে কোনো নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ কার্যক্রম জোরদার করতে হবে। সচেতনতা সৃষ্টির লক্ষে আয়োজিত র‌্যালির সফলতা কামনা করেন তিনি। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, জেলা ব্র্যাক প্রতিনিধি অজিত নন্দী।এছাড়া র‌্যালিতে অংশ নেন নারী নির্যাতন প্রতিরোধ নেটওয়ার্ক (মেজনিন)-এর জেলা কমিটির আহ্বায়ক প্রবীণ সাংবাদিক ফজলুল কাদের চৌধুরী, সদস্য ও জেলা ব্র্যাক প্রতিনিধি অজিত নন্দী, সদস্য ইঞ্জিনিয়ার কানন পাল, ইমাম খাইর, নাজমুল হোছাইন নাজিম, চঞ্চল দাশ গুপ্ত, আনোয়ার হাসান চৌধুরী, নজরুল ইসলাম, সিনিয়র সেক্টর স্পেশালিস্ট রুবেল দাশ প্রমুখ।

সায়ীদ আলমগীর/এএম/জেআইএম