নারায়ণগঞ্জের আড়াইহাজারের সুলতানসাদী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে মাদক বিক্রি ও মাদক গ্রহণের অপরাধে ৭ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে স্কুল কর্তৃপক্ষ। বুধবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সোলাইমান মিয়া সাংবাদিকদের এ কথা জানান।জানা গেছে, সোমবার দুপুরে স্কুল কম্পাউন্ডে মাদক বিক্রি নিয়ে ছাত্রদের মধ্যে সংঘর্ষ হয়। এতে প্রতিবাদী ৪ ছাত্র মারাত্মকভাবে আহত হয়। এতে স্কুলের প্রধান শিক্ষক বিষয়টি ধামা চাপা দেয়ার চেষ্টা করলেও এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরে বিদ্যালয় পরিচালনা কমিটির কঠোর অবস্থানের কারণে বুধবার সকালে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মজিবুর রহমান, মাসকুর, আতাউরকে নিয়ে স্কুল পরিচালনা কমিটি এক জুরুরি বৈঠকে বসেন। বৈঠকে মাদক ব্যবসার ও সংঘর্ষের সঙ্গে জড়িত ৭ ছাত্রকে বহিষ্কার করার সিদ্ধান্ত হয়। পরে তাদের বহিষ্কার করা হয়। বহিষ্কৃতরা হচ্ছে, ৮ম শ্রেণির ছাত্র জুনায়েদ, ফাহিম (১) নাদিম, আল আমিন, ফাহিম (২), নবম শ্রেণির ছাত্র কাওসার ও তরিকুল।প্রধান শিক্ষক সোলায়মান মিয়া জানান, বিদ্যালয়ের পরিবেশ ঠিক রাখতে বিপথগামী ছাত্রদের বিরুদ্ধে বহিষ্কারের মতো কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছে। তবে এখনো তাদেরকে নোটিস প্রদান করা হয়নি।তবে শিক্ষকরা জানান, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু সভায় উপস্থিত ছিলেন না। শাহাদাত হোসেন/এএম/এমএস