কক্সবাজারের রামুতে আবদুস সালাম (৪৮) নামে এক ইউপি সদস্যকে মারধর ও কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। আহত ইউপি সদস্যকে মুমূর্ষু অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আবদুস সালাম রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য। তিনি ওই ইউনিয়নের উত্তর মিঠাছড়ি আশকরখিল গ্রামের মৃত আলী আহমদের ছেলে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জোয়ারিয়ানালা ইউনিয়নের চা বাগান স্টেশনে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকার জনপ্রতিনিধিসহ সাধারণ জনমনে ক্ষোভের সঞ্চার হয়েছে। মাটি বোঝাই মিনিট্রাক চলাচলে বাধা দেয়ার জেরে এলাকার সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম ও তার ছেলেরা ভাড়াটে লোকজন নিয়ে এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন আহত ইউপি সদস্য আবদুস ছালামের ২ ছেলে আজমুল আজাদ ও মঈনুল আজাদ। তারা আরো জানান, ওই এলাকায় একটি কাচা সড়ক দিয়ে মাটি ভর্তি গাড়ি চলাচল করায় সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। সম্প্রতি বিষয়টি মাটি সরবরাহে জড়িত উত্তর মিঠাছড়ি চৌধুরী পাড়ার বাসিন্দা সাবেক ইউপি সদস্য নুরুল ইসলামকে জানালে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। এরই জের ধরে নুরুল ইসলাম ও তার দুই ছেলে নয়ন ও স্বয়নের নেতৃত্বে একদল অস্ত্রধারী পরিকল্পিতভাবে তাদের বাবাকে মাথায় কুপিয়ে ও শরীরে বিভিন্নস্থানে লাটি-সোটা দিয়ে পিটিয়ে আহত করেছেন। তারা এ ঘটনার দ্রুত সুষ্ঠু বিচার দাবি করেন। জোয়ারিয়ানালা ইউপি চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স জানিয়েছেন, এ ঘটনা খুবই নিন্দনীয়। ইউপি সদস্য আবদুস ছালাম সহজ সরল মানুষ। তাকে বিনা কারণে মাথায় কুপিয়ে বড় ধরনের জখম করা হয়েছে। শরীরের বিভিন্ন অংশেও রয়েছে বেপরোয়া মারধরের চিহ্ন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তবে অভিযুক্ত নুরুল ইসলাম ও তার ছেলেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি। রামু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানিয়েছেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।সায়ীদ আলমগীর/এফএ/পিআর