দেশজুড়ে

নিখোঁজের দুইদিন পর যুবকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় নিখোঁজের দুইদিন পর মানিক মিয়া (৩৫) নামে এক ইটভাটার শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর ১২টার দিকে ফতুল্লার লালপুর রিয়াদ চৌধুরীর মাছের খামার থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মানিকের পরিবারের অভিযোগ, এলাকার বখাটে ও মাদক ব্যবসায়ীরা তাকে হত্যা করে খামারে ফেলে দিয়েছে।নিহত মানিক মিয়া ফতুল্লার ফাজিলপুর এলাকার মৃত সোনা মিয়ার ছেলে। তিনি বক্তাবলীর বাবুল মিয়ার ইটভাটায় কাজ করতেন।নিহতের স্ত্রী ডলি বেগম জানান, বক্তাবলীর বাবুল মিয়ার ইটভাটায় তার তিন মেয়ে এক ছেলে নিয়ে তারা স্বামী-স্ত্রী মিলে কাজ করে ওই স্থানে বসবাস করে আসছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তার স্বামী মানিক মিয়া ইটভাটা থেকে ফতুল্লায় যাওয়ার কথা বলে বের হন। এরপর থেকে মানিক মিয়া নিখোঁজ হন। তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান না পাওয়ায় শনিবার সকালে খবর পান লালপুরে একটি মাছের খামারে তার স্বামীর মরদেহ পড়ে আছে। নিহতের সৎ বোন হালিমা চৌধুরী জানান, লালপুর এলাকার কয়েকজন বখাটে তার ভাই মানিক মিয়াকে হত্যা করে খামারে ফেলে দিয়েছে। যারা এলাকায় মাদক ব্যবসা করে এবং সন্ত্রাসী কর্মকাণ্ড করে তাদেরকে ধরতে পারলে ঘটনার আসল রহস্য বেরিয়ে আসবে। ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, মানিক মিয়ার মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ জানা যাবে।শাহাদাত হোসেন/আরএআর/জেআইএম