দেশজুড়ে

উখিয়ার সাবেক পিআইও গ্রেফতার

কক্সবাজার সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শফিউল আলম শাকিবকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক মামলায় গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে কক্সবাজার সদর কার্যালয় থেকে বের হওয়ার পথে তাকে গ্রেফতার করা হয়। কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে একইদিন জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার হওয়া শফিউল আলম শাকিব চট্টগ্রাম জেলার সাতকানিয়ার লোহাগাড়ার চারাম্বা এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি কক্সবাজার সদর ও মহেশখালী উপজেলার (ভারপ্রাপ্ত) প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)’র দায়িত্ব পালন করছিলেন। তিনি উখিয়া থাকাকালীন সময়ে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ এবং ক্ষমতার অপব্যবহার করে অস্তিত্বহীন ভুয়া প্রকল্পের বিপরীতে টাকা আত্মসাৎ করেন।দুদকের তদন্তে সরকারি টাকা আত্মসাতের প্রমাণ পাওয়ায় তার বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের ২নং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় চট্টগ্রাম সমন্বিত কার্যালয়ের (দুদক) সহকারী পরিচালক বাদী হয়ে মামলা দায়ের করেন। দুদকের সহকারী পরিচালক (তদন্ত কর্মকর্তা) তথ্যের সত্যতা স্বীকার করে বলেন, পিআইও শাকিবকে কক্সবাজার শহর থেকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।সায়ীদ আলমগীর/এমএএস/জেআইএম