টঙ্গী বাজার জামে মসজিদের বারান্দায় ইয়াবা বিক্রির সময় সাড়ে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন, কক্সবাজারের চকরিয়া থানার কোটাখালি এলাকার মৃত ওমর হাকিমের ছেলে নুরুল ইসলাম (৫৫), একই জেলার টেকনাফ থানার মুছুনী নয়াপাড়া এলাকার মৃত কামাল হোসেনের ছেলে আনিস ওরফে আনাস (১১) ও টঙ্গীর আরিচপুর এলাকার মৃত আলী আকবরের ছেলে মো. সোহেল (৩৪)। গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ বুধবার দুপুরে মসজিদের বারান্দায় অভিযান চালিয়ে তাদের আটক করে। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানান, বুধবার দুপুরে নুরুল ইসলাম, সোহেলসহ ৪-৫ জন যুবক টঙ্গী বাজার জামে মসজিদের বারান্দায় মুসল্লি বেশে বসে ছিলেন। পরে আনাস একটি বিস্কুটের প্যাকেটে করে সাড়ে ৮০০ পিস ইয়াবা নুরুল ইসলামের হাতে তুলে দেন। সেখানে বসে তারা ইয়াবা ট্যাবলেট বিক্রি করছে এমন খবর পেয়ে গোয়েন্দা পুলিশের দল সেখান অভিযানে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে নুরুল ইসলামের কাছ থেকে ৬০০ পিস, আনাসের কাছ থেকে ২০০ পিস এবং সোহেলের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে আটক নুরুল ইসলাম জানান, তিনি জয়দেবপুর থানার হালডোবা এতিমখানা মাদরাসায় শিক্ষকতা করতেন। দেড়বছর আগে মাদকসহ তিনি ধরা পড়লে চাকরিচ্যুত হন। আটক আনাস জানায়, কক্সবাজারের নুরুল ইসলাম ও ইউনুস আলী নামে দুই ব্যক্তি ঢাকার একটি হোটেলে চাকরি দেয়ার কথা বলে বিস্কুটের প্যাকেট হাতে ধরিয়ে দিয়ে তা মসজিদে পৌঁছে দিতে বলেন। তা করতে গিয়ে ইয়াবাসহ ধরা পড়েন তিনি। মো. আমিনুল ইসলাম/এএম/আরআইপি