বেনাপোল বাজার থেকে ব্যবসায়ীসহ দুইজনকে ডিবি পরিচয়ে তুলে নেয়ার ঘটনায় সমস্ত দোকানপাট বন্ধ করে আমদানি-রফতানি ট্রাকসহ সব ধরনের যানবহন চলাচল বন্ধ করে দিয়েছে ব্যবসায়ীরা। তারা এ ঘটনার প্রতিবাদে এলাকায় মিছিলও করছেন। বুধবার রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে।জানা গেছে, বাজারের রেল রোডের তামিম ইলেট্রনিক্সের মালিক সাগর এবং এসএম ইলেকট্রনিকের কর্মচারী রানা নামে দুইজনকে বিনা কারণে সাদা পোশাকে ডিবি পরিচয়ে একটি মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়। এ ঘটনা ছড়িয়ে পড়লে সঙ্গে সঙ্গে বাজার কমিটি দোকান-পাট ও বেনাপোল-যশোর সড়কে আমদানি-রফতানি পণ্যবাহী ট্রাকসহ দূরপাল্লার যানবাহন বন্ধ করে দেন। তামিম ইলৈকট্রনিক্সের মালিক সাগর বেনাপোল ভবারবেড় গ্রামের রশিদের ছেলে, রানাও একই গ্রামের বাসিন্দা। তামিম ইলেকট্রনিক্সের মালিক হলেও সাগর বিদেশ থাকেন। সম্প্রতি তিনি দেশে আসেন। আজ (বৃহস্পতিবার) আবার তার বিদেশ যাওয়ার এবং বুধবার (১ ফেব্রুয়ারি) রাত ৯টার কোচে ঢাকা যাওয়ার কথা ছিল। অপরদিকে রানা বেনাপোল এসএম ইলেকট্রনিক্সের একজন কর্মচারি।সাগরের বাবা রশিদ জানান, আমার ছেলে দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে বেনাপোল বাজারের রেল রোডে ইলেট্রিকের ব্যবসা করছে। আজ পর্যন্ত কেউ বলতে পারবে না সে কোন অনৈতিক কাজের সঙ্গে জড়িত আছে।বেনাপোল বাজার কমিটির সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ দুদু জানান, সাদা পোশাকে প্রায়ই বেনাপোল থেকে ডিবি পরিচয়ে নিরীহ লোক ধরে নিয়ে মোটা অংকের টাকার বিনিময় একদিন দু‘দিন পর ছেড়ে দেয়া হয়। আমরা এর সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। যশোর ডিবির ওসি ইমাউল হকের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তাকে কে বা কারা ধরে নিয়ে গেছে আমি বলতে পারব না, তবে আমার ডিবি পুলিশ এ কাজের সঙ্গে যুক্ত নয়।খবর পেয়ে বেনাপোল পোর্ট থানার পরিদর্শক (তদন্ত) শামিম আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি আন্দোলনকারীদের সঙ্গে কথাও বলেছেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানান তিনি।জামাল হোসেন/এমএমজেড/আরআইপি