নারায়ণগঞ্জের ফতুল্লায় গার্মেন্টসকর্মী অপহরণের পর মুক্তিপণ দাবির ঘটনায় ২৭ ঘণ্টা পর অপহরণকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করে অপহ্নতকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ১০টায় ফতুল্লার নন্দলালপুর বটতলা এলাকা থেকে অপহ্নতকে উদ্ধার করে বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। গ্রেফতার অপহরণকারী রাসেল (২৫) ফতুল্লার নন্দলালপুর বটতলার মৃত সামসুদ্দিনের ছেলে। অপহ্নত গার্মেন্টসকর্মী রুবেল (২০) মাসদাইর টাগারপাড় এলাকার মাজু মিয়ার ছেলে। এ ঘটনায় অপহ্নত রুবেলের চাচা গোলাম নবী বাদী হয়ে অপহরণকারী চক্রের ৭ জনের নাম উল্লেখ করে ফতুল্লা মডেল থানায় মামলা করেন। ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সন্ধ্যার পর গার্মেন্টসকর্মী রুবেল তার বাসা থেকে মার্কেট করার জন্য শহরের চাষাঢ়ার উদ্দেশে রওনা হয়। পথে একটি অপহরণকারী চক্র তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে আটক রাখে।পরে তারা রুবেলের পরিবারের কাছে ফোন করে মুক্তিপণ হিসাবে ৫০ হাজার টাকা দাবি করে। তাদের দেয়া বিকাশ নম্বরে ১২ হাজার টাকা পাঠানো হলেও রুবেলকে ছাড়েনি। তাদের বাকি টাকা না দিলে রুবেলকে হত্যা করবে বলে হুমকি দেয়া হয়। পরে বিষয়টি নিয়ে ফতুল্লা মডেল থানায় অভিযোগ করা হয়। ঘটনার ২৭ ঘণ্টা পর বুধবার রাত ১০ টার সময় নন্দলালপুর বটতলা হতে অপহরণকারী চক্রের সদস্য রাসেলকে গ্রেফতার করা হয়। এ সময় অপহ্নত গার্মেন্টসকর্মী রুবেলকে উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারী চক্রের অন্য সদস্যরা পালিয়ে যায়। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ।শাহাদাত হোসেন/এএম/জেআইএম