নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো এলাকায় অবস্থিত ক্লাক্সটান অ্যাপারেলস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড নামক পোশাক কারখানা খুলে দেয়ার দাবি জানিয়েছেন শ্রমিকরা। কারখানা দ্রুত খুলে দেয়া না হলে কঠোর আন্দোলনে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তারা। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে কারখানায় কর্মরত শ্রমিকরা এক মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানান। মানববন্ধনে বক্তারা বলেন, কারখানার মালিকপক্ষ কারখানা স্থায়ীভাবে বন্ধ ও শ্রমিকদের আইনত সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করার জন্যই লে-অফ কালীন সময় বর্ধিত করছে। বাংলাদেশ শ্রম আইনে লে-অফ ভাতা খুবই সামান্য এবং নগণ্য এই ভাতা দিয়ে শ্রমিক ও শ্রমিকের পরিবার চলে না। তাই সাধারণ শ্রমিকেরা মিলিত হয়ে অন্য কোথাও চলে গেলে শ্রমিক ও কার্মচারীদের ভাতা পরিশোধ করতে হবে না। আর নিরীহ শ্রমিকদের অধিকার থেকে বঞ্চিত করার জন্য মালিকপক্ষ নানাভাবে পাঁয়তারা চালাচ্ছে। তারা আরো বলেন, কারখানা যদি আর খোলা না হয় তাহলে শ্রমিকেরা বাংলাদেশ শ্রম আইনানুযায়ী ভাতাদি পাওয়ার দাবিসহ চার দফা দাবি যথাক্রমে অতিবিলম্বে লে-অফ ভাতাদি পরিশোধ, বাংলাদেশ শ্রম আইন অনুসারে সকল পাওনা পরিশোধ, মাতৃকল্যাণ ছুটির টাকা পরিশোধ ও শ্রমিকদের নাইট বিল, হলিডে এবং অন্যান্য পাওনাদি পরিশোধ করতে হবে। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশন সদস্য শামীমা আক্তার, সংগঠনের নারায়ণগঞ্জ জেলা সভাপতি মো. শাহজাহান, সাধারণ সম্পাদক স্বপন পাণ্ডে ও মুন্নি আক্তার, মহিউদ্দীন প্রমুখ। জানা গেছে, গত বছরের ৬ অক্টোবর কারখানা লে-অফ করা হয়। আইনগতভাবে লে-অফকালীন সময়ে ক্ষতিপূরণ দেয়ার বিধান থাকলেও কারখানা কর্তৃপক্ষ শ্রমিক ও কর্মচারীদের নভেম্বরে ক্ষতিপূরণ দেয়নি। লে-অফ ভাতা পরিশোধ করার জন্য কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, বিজিএমইএসহ বিভিন্ন দফতরে চিঠি পাঠালেও তারা কোনো পদক্ষেপ নেয়নি। শাহাদাত হোসেন/আরএআর/জেআইএম