গোপনে বিয়ে করা স্ত্রীর দায়েরকৃত যৌতুক মামলায় নারায়ণগঞ্জ আদালতে তালকনামা দেখিয়ে স্থায়ী জামিন নিয়েছেন ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলা ছাত্রলীগ সভাপতি নজরুল ইসলাম নয়ন। রোববার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অশোক কুমার দত্তের আদালতে বাদী-বিবাদীর উপস্থিতিতে জামিন শুনানিতে এ জামিন হয়।এদিকে ছাত্রলীগ নেতা নয়নের আদালতে দাখিল করা তালাকনামার বিষয়টি অস্বীকার করে তালাকনামা জাল বলে দাবি করেন মামলার বাদী মাহফুজা আক্তার হ্যাপী। তিনি জানান, নয়নের প্রতারণায় আমি কোথাও ন্যায়বিচার পাবো না। এজন্য প্রধানমন্ত্রীর কাছে লিখিত আবেদন জানিয়ে বিচার চাইবো। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী সাইদুর রহমান বলেন, মামলা দায়েরের অনেক আগেই নিয়ম অনুযায়ী হ্যাপীকে তালাক দেয়া হয়েছে। আদালতে এর পর্যাপ্ত তথ্যপ্রমাণ হাজির করা হয়েছে।তবে মাহফুজা আক্তার হ্যাপী জানান, গত বিএনপি সরকার আমলে ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলা থেকে পালিয়ে এসে ফতুল্লায় আত্মগোপন করেন নজরুল ইসলাম নয়ন। ওই সময় পাশাপাশি বাড়িতে বসবাস করায় প্রেমের সম্পর্কে আমাদের বিয়ে হয়। বিয়ের পর বলেছেন আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আমাকে তার বাড়ি নিয়ে যাবেন। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে অনেক বছর হয়। এর মধ্যে আমাদের একটি কন্যাসন্তানের জন্ম হয়। যার নাম রাখা হয়েছে নাবিলা আক্তার। তার বয়স এখন চার বছর।এখন তাগিদ দিলে নয়ন বলে সামনে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করবে। নির্বাচনে জয়ী হয়ে আমাকে ও আমার মেয়েকে নিজ বাড়িতে নিয়ে যাবে। আর নির্বাচনে অনেক টাকা লাগবে। এজন্য এক লাখ টাকা যৌতুক হিসেবে দাবি করেছে। তার দাবিকৃত যৌতুক দিতে অস্বীকৃতি জানিয়ে আদালতে তার বিরুদ্ধে মামলা করায় আমাকে হত্যার হুমকি দিয়েছে। এ বিষয়ে ফতুল্লা মডেল থানায় একটি জিডি করেছি। মামলা ও জিডির বিষয় জেনে একটি ভুয়া তালাকনামা পূর্বের তারিখ দেখিয়ে আদালতে হাজির করেছে। এ তালাকনামা আমার হাতে কখনো আসেনি।হ্যাপী ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের দেলপাড়া গ্রামের মাইনদ্দিন মিয়াজীর মেয়ে। আর নজরুল ইসলাম নয়ন ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার ভাবনী কোনা কাজী বাড়ির মৃত. আফতাব উদ্দিন চৌধুরীর ছেলে। শাহাদাত হোসেন/এফএ/পিআর