যশোরে প্রেমে ব্যর্থ হয়ে সোনিয়া আফরিন শেফা (২০) নামে এক কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। যশোরের উপ-শহর এফ ব্লকে আজিজ ছাত্রী নিবাসে বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে।শেফা সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিক্রমপুর গ্রামের আব্দুস সবুরের মেয়ে ও যশোর সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের ছাত্রী।শেফার বোন দিবা খাতুন জানান, শেফা যশোর পলিটেকনিকে ভর্তি হওয়ার পর সহপাঠী মামুনের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন। মামুন তার বোন শেফাকে বিয়ে করবে বলে কথা দিয়েছিল। এনিয়ে দুই পরিবারের মধ্যে কথাও চালাচালি হয়। কিন্তু বৃহস্পতিবার সকালে মামুন শেফাকে বিয়ে করবে না বলে জানিয়ে দেয়। এরপর শেফা তার ছাত্রী নিবাসের ঘরের মধ্যে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয়। টের পেয়ে ছাত্রী নিবাসের বাসিন্দা ও আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আব্দুল্লাহ আল মামুন জানান, হাসপাতালে আনার আগেই ওই ছাত্রীর মৃত্যু হয়েছে।যশোর কোতোয়ালি থানা পুলিশের এসআই জসিম উদ্দিন খান বলেন, কী কারণে মেয়েটি আত্মহত্যা করেছে তা জানা যায়নি। বিষয়টি তারা খতিয়ে দেখা হচ্ছে।মিলন রহমান/এআরএ/পিআর