যশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আকু (৩১) ও শান্ত (৩৫) নামে দুই বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিন জন। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে বেনাপোল পোর্ট থানার দৌলতপুর সীমান্তে। নিহত আকু বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামের আজিজুল ইসলামের ছেলে ও শান্ত একই গ্রামের মো. হানিফের ছেলে। আহতদের পরিচয় জানা যায়নি। ২৩ খুলনা বিজিবি`র দৌলতপুর ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আমজাদ হোসেন জানান, একদল বাংলাদেশি গরু ব্যবসায়ী শনিবার ভোরে সীমান্তের অবৈধ পথে ভারত থেকে গরু নিয়ে ফিরছিলেন। এ সময় দৌলতপুর সীমান্তের বিপরীতে ভারতের কালিয়ানি বিএসএফ ক্যাম্পের সদস্যরা দৌলতপুর পুটখালি সীমান্তের মাঝামাঝি ভারতের ঘোনার মাঠ এলাকায় কয়েক রাউন্ড গুলি ছোড়ে। বিএসএফের গুলিতে আকু ও শান্তসহ আরো কয়েকজন গুরুতর আহত হন। পরে অন্য ব্যবসায়ী সঙ্গীরা আকু ও শান্তকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে আকুকে নাভারন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে আকুর লাশ পুটখালি গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়ার পথে শান্ত মারা যান। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শান্তর লাশ কাগজপুকুর থেকে থানায় আনা হয়েছে। আকুর লাশ আনার জন্য পুটখালি গ্রামে পুলিশ পাঠানো হয়েছে। লাশ দুটি ময়না তদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হবে। বাকি আহতদের খোঁজ নেওয়া হচ্ছে বলে তিনি জানান। ২৬ যশোর বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্ণেল জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এমজেড/এআরএস/এমএস