কক্সবাজার শহরের কলাতলীর কটেজ জোনের সাজ্জাদ কটেজ থেকে রান্নাত (২৩) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। মঙ্গলবার বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত তরুণী ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চরকচ্ছপিয়া এলাকার সোলেমান মিয়ার মেয়ে। কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-অপারেশন) মাইন উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।সাজ্জাদ কটেজ কর্তৃপক্ষ জানায়, ৬ মার্চ রাতে সাদ্দাম ও সুমি নাম দিয়ে দুইজন তরুণ-তরুণী কটেজের ১০৫ নং কক্ষে উঠেন। সকাল ১০টা পেরিয়ে গেলেও কক্ষে কোনো সাড়া-শব্দ পাওয়া যায়নি। একপর্যায়ে ডাকাডাকি করলেও ভেতর থেকে সাড়া না মেলায় পুলিশকে খবর দেয়া হয়। ওসি মাইন উদ্দীন জানান, কটেজ কর্তৃপক্ষের ফোন পেয়ে কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রুহুল কুদ্দুস, সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেনহ একদল পুলিশ সাজ্জাদ কটেজে যান। ওই কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় দরজা ভেঙে ভেতরে ঢোকা হয়। কক্ষের ভেতরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তরুণীর মরদেহ পাওয়া যায়। এ সময় সেখান থেকে কিছু ইয়াবা, একটি ভাঙা মোবাইল সেট (চালু) ও কাপড় উদ্ধার করা হয়। নিহত তরুণীর মা রাজিয়া বেগম মোবাইল ফোনে জানান, তরুণীটির বিয়ে হয়েছিল। সেখানে ডিভোর্স হয়ে যায়। সে থেকে পরিবারের সঙ্গে চট্টগ্রামে থাকতো এবং গার্মেন্টসে চাকরি করতো। গত ২০ দিন আগে বাড়ি থেকে উধাও হয়ে যায়। কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, মরদেহটি উদ্ধার করে কক্সাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহের সঙ্গে পাওয়া মোবাইলে রক্ষিত নম্বরে কল দিয়ে বিষয়টি তার মাকে জানানো হয়। সায়ীদ আলমগীর/এএম/জেআইএম