দেশজুড়ে

এমএম কলেজের ৭৫ বছর পূর্তি ২৩ মার্চ

যশোর সরকারি এমএম কলেজের ৭৫ বছর পূর্তি উপলক্ষে হীরকজয়ন্তী উৎসব আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে। সাবেক শিক্ষার্থীদের নিয়ে আগামী ২৩ মার্চ দিনব্যাপী কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য এ উৎসব অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করে কলেজ অধ্যক্ষ অধ্যাপক মিজানুর রহমান এ উৎসব আয়োজনের প্রস্তুতি সম্পর্কে অভিহিত করেন।সংবাদ সম্মেলনে অধ্যাপক মিজানুর রহমান জানান, ১৯৪১ সালে প্রতিষ্ঠার পর এ অঞ্চলের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ যশোর সরকারি এমএম কলেজ পথচলার ৭৫ বছর পার করেছে। এর আগে রজতজয়ন্তী, সুবর্ণজয়ন্তী উদযাপনের সুযোগ থাকলেও ইতোপূর্বে তা সম্ভব হয়নি।এবার তারা সিদ্ধান্ত নিয়েছেন, ৭৫ বছর পূর্তি উপলক্ষে হীরকজয়ন্তী উৎসব উদযাপন করবেন। আগামী ২৩ মার্চ এ উৎসব উদযাপিত হবে। এদিন সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করা হবে। উৎসবের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শোভাযাত্রা শেষে আলোচনা ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হবে। এরপর মধ্যাহ্ন ভোজের বিরতি দিয়ে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শফিউল ইসলাম সরদার, শিক্ষক পরিষদের সম্পাদক এআইএম শরীফ হোসেন, যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ হেল জাকারিয়া প্রমুখ।  মিলন রহমান/এএম/এমএস